বরাবরের মত এবারও রোজার ঈদে পাঁচটি জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে; প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।
রোববার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে; আর দেখা না গেলে ঈদ হবে মঙ্গলবার।
রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধা্ত হবে, কবে ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
দুই বছর বিরতির পর এবার ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে। করোনাভাইরাস মহামারীর কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত হয়নি।
ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের দিন সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান; মুকাব্বির থাকবেন হাফেজ মো. ইসহাক।
দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। তাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। আর মুকাব্বির থাকবেন হাফেজ মো. আতাউর রহমান।
সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন হাফেয মো. নাছির উল্লাহ।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেয মাওলানা এহসানুল হকে ইমামতিতে চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. শহিদ উল্লাহ।
এ মসজিদে পঞ্চম ও সর্বশেষ জামাত হবে বেলা ১০টা ৪৫ মিনিটে; ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম আর মুকাব্বির হিসেবে মো. রুহুল আমিন।
এই পাঁচ জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।