Loading...

বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হচ্ছেঃ নতুন দুদক কমিশনার

| Updated: March 11, 2021 16:51:18


কাজে যোগ দিয়ে বুধবার সাংবাদিকদের সামনে আসেন দুদক কমিশনার জহুরুল হক। ছবিঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কাজে যোগ দিয়ে বুধবার সাংবাদিকদের সামনে আসেন দুদক কমিশনার জহুরুল হক। ছবিঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাদেশ থেকে ‘প্রচুর টাকা’ পাচার হওয়ার কথা স্বীকার করে দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার মো. জহুরুল হক বলেছেন ভবিষ্যতে যাতে কোনো টাকা পাচার না হয় সেটা নিশ্চিত করতে কমিশন তৎপর থাকবে।

কমিশনার হিসেবে দুদকে যোগ দিয়ে বুধবার সংস্থার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার জহুরুল হক বলেন, “এটা বাস্তব, বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হচ্ছে। দেশের জন্য এটা বড় ধরনের সমস্যা। এই কমিশন তৎপর থাকবে ভবিষ্যতে যাতে কোনো টাকা পাচার না হয়।”

সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহও বুধবার চেয়ারম্যান হিসেবে দুদকে যোগ দিয়েছেন। তারা দুজন দুদকে যোগ দিয়ে সংস্থার প্রধান কার্যালয়ে একসঙ্গে সাংবাদিকদের সামনে আসেন।

কমিশনার জহুরুল বলেন, যে অর্থ পাচার হয়েছে, সেগুলো ফেরত আনার বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কাজ করবে কমিশন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“অর্থ পাচারের ব্যাপারে হাই কোর্ট সিদ্ধান্ত দিচ্ছে, আমাদের কাছে লিস্ট চাচ্ছে। আমরা লিস্টগুলো কোয়ারি করবো, খুঁজব, দেখব। তারপর কোর্টকে জানাব। কোর্ট যে অ্যাকশন নিতে বলবে, সেই অ্যাকশন নেব।”

বিদেশে পাচার হওয়ার অর্থ ফিরিয়ে আনার বিষয়ে দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন বলেন, “সব কিছুর একটা পদ্ধতি থাকে। পদ্ধতি অনুযায়ী, আইন অনুযায়ী যতখানি সুযোগ রয়েছে, সেটা করার চেষ্টা করব।”

আইন ও বিধি অনুযায়ী কাজ করেই দুর্নীতি কমাতে পারবেন বলে আশাবাদী নতুন চেয়ারম্যান।

তিনি বলেন, “দুর্নীতি দমনের জন্য সুনির্দিষ্ট আইন আছে আমাদের, যা দিয়েই দুর্নীতি দমন কমিশন গঠিত হয়েছে। বাংলাদেশের যতগুলো আইন আছে প্রতিটি আইনই দুর্নীতি যাতে না হয় সেটা অন্তর্ভুক্ত আছে।

“আমার প্রত্যাশা থাকবে সবগুলো আইনের মাধ্যমে দুর্নীতি যাতে কম হয় বা নিশ্চিহ্ন করা যায় সেই উদ্দেশ্যে থাকবে।”

দুর্নীতির বিপক্ষে সবার অবস্থান হলেও বিশ্বের সব দেশেই কম-বেশি দুর্নীতি থাকার বাস্তবতাটি তুলে ধরেন মঈনউদ্দীন।

 “আমাদের লক্ষ্য থাকবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত দেশ বা সমাজ গড়ার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া। যতখানি আমরা অভীষ্ঠ লক্ষ্যে এগিয়ে যেতে পারি, সেটাই আমাদেরে উদ্দেশ্যে থাকবে।"

দুদকের অনুসন্ধান ও তদন্তের কাজে দীর্ঘসূত্রতা কমাতে কোনো উদ্যোগ থাকবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের চেষ্টা থাকবে কোনো কোনো অনুসন্ধান বা তদন্তে যে দীর্ঘসূত্রিতা আছে, তা যতখানি সম্ভব তা কমিয়ে আনব।”

Share if you like

Filter By Topic