অর্থনীতির উন্নয়নে বাংলাদেশকে পাশে চায় কসোভো। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যৌথ মালিকানায় ওষুধ শিল্পে বিনিয়োগ পেতে আগ্রহী ইউরোপের বলকান অঞ্চলের এই রাষ্ট্রটি।
এফবিসিসিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে এফবিসিসিআই সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়া তাঁর দেশের এ আগ্রহের কথা প্রকাশ করেন।
এ সময় রাষ্ট্রদূত কসোভোর অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, কসোভোকে শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাই দেশটিতে বিনিয়োগ করলে, তা এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য ইতিবাচক হবে।
এফবিসিসিআই সভাপতি বলেন, বেশ কিছু প্রতিষ্ঠান বিদেশে কারখানা স্থাপন করলেও, বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য বিদেশে বিনিয়োগের সুযোগ এখনো কিছুটা নিয়ন্ত্রিত। এ বিষয়ে শিথিলতা আনতে এফবিসিসিআই সক্রিয়ভাবে কাজ করছে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত গুনার ইউরিয়ার কাছে এফবিসিসিআই ও কসোভো চেম্বার অব কমার্সের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারকের খসড়া হস্তান্তর করা হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মোঃ হাবিব উল্লাহ ডন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।