বাংলাদেশের বিশ্বকাপ দলে শামীম, মূল স্কোয়াডে নেই রুবেল


এফই ডেস্ক | Published: September 09, 2021 14:23:52 | Updated: September 09, 2021 18:55:10


বাংলাদেশের বিশ্বকাপ দলে শামীম, মূল স্কোয়াডে নেই রুবেল

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

গত বছর যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন শামীম। এবার তিনি যাচ্ছেন বড়দের বিশ্বকাপে। ২১ বছর বয়সী আগ্রাসী এই ব্যাটসম্যান ও অফ স্পিনার এখনও পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে অভিষেক হয় তার। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে বড় ভূমিকা রাখেন দলের জয়ে। খবরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শামীম ছাড়া প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

চলতি নিউ জিল্যান্ড সিরিজের ১৯ সদস্যের দল থেকে বিশ্বকাপ দলে ঠাঁই পাননি মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। তবে রুবেল ও আমিনুল ইসলাম দলের সঙ্গে বিশ্বকাপে যাচ্ছেন অতিরিক্ত হিসেবে।

কোভিড পরিস্থিতির কারণে সব দলকেই অতিরিক্ত ক্রিকেটার রাখার সুযোগ দিয়েছে আইসিসি। তবে তাদেরকে সফরে নিতে ও রাখতে হবে দলের নিজস্ব খরচে।

দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, সব দিক বিবেচনা করে তারা স্কোয়াড গড়েছেন।

অভিজ্ঞতা ও পারফরম্যান্সসহ সবদিকই দেখা হয়। পাশাপাশি এটাও বিবেচনা করা হয় যে বিদেশে কে কেমন করতে পারে। বিদেশে কে ভালো পারফর্ম করতে পারে, এটা চিন্তা করা হয়। কারণ দেশে আমরা এক ধরনের উইকেটে খেলি, বিদেশে আরেক ধরনের উইকেট-কন্ডিশন। সবকিছুর সামঞ্জস্য করে দল গড়া হয়।

চূড়ান্ত দল ঘোষণা করা হলেও কোয়ারেন্টিন শুরুর পাঁচদিন আগ পর্যন্ত দলে পরির্বতন আনা যাবে।

Share if you like