বাংলাদেশকে ৪০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে ‍যুক্তরাজ্য


এফই অনলাইন ডেস্ক | Published: December 13, 2021 19:58:30 | Updated: December 14, 2021 14:35:02


ফাইল ছবি (সংগৃহীত)

মহামারী মোকাবেলায় বাংলাদেশকে ৪০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুদান দিচ্ছে যুক্তরাজ্য সরকার।

টিকার প্রথম চালান সোমবার ঢাকায় পৌঁছেছে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির হাই কমিশন।

টিকা আদান-প্রদানের বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা আসার কথা জানিয়ে হাই কমিশন বলছে, করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াই ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার করতে যুক্তরাজ্যের এই অনুদানের টিকা বাংলাদেশকে সাহায্য করবে।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৪০ লাখ ডোজ আগমনকে আমরা স্বাগত জানাই। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্য ও বাংলাদেশ অতিমারীর কারণে কঠিন সময় পার করেছে। এই অতিমারী থেকে আরো উত্তম, নিরাপদ, পরিবেশবান্ধব ভাবে উত্তরণে আমরা উভয়ই একসাথে কাজ করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে যুক্তরাজ্যের এই টিকা অনুদান দুই দেশের মধ্যে বিরাজমান শক্তিশালী বন্ধনের বহিঃপ্রকাশ।

মানুষের জীবন বাঁচাতে ও অতিমারী মোকাবেলা করতে বাংলাদেশকে সহায়তা করার জন্য যা প্রয়োজন যুক্তরাজ্য তা অবশ্যই করবে।

হাই কমিশন জানিয়েছে, এই বছরের জি-৭ সম্মেলনে জুন ২০২২ এর মধ্যে সারাবিশ্বে ১০ কোটি ডোজ করোনাভাইরাস টিকা দানের প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাজ্য। বাংলাদেশকে দেওয়া এই টিকার অনুদান সেখানকার প্রতিশ্রুতির ফলস্বরূপ এসেছে।

মহামারী মোকাবেলায় কোভ্যাক্স থেকে পাওয়ার পাশাপাশি কিনেও নাগরিকদের টিকা দিচ্ছে বাংলাদেশ সরকার।

Share if you like