বাংলাদেশকে খাদের কিনারা থেকে জয়ের বন্দরে নিয়ে গেলেন আফিফ ও মিরাজ


FE Team | Published: February 23, 2022 20:06:47 | Updated: February 24, 2022 10:21:58


বাংলাদেশকে খাদের কিনারা থেকে জয়ের বন্দরে নিয়ে গেলেন আফিফ ও মিরাজ

ছোট লক্ষ্য তাড়ায় কী বিপদেই না পড়ে গিয়েছিল বাংলাদেশ। ফজলহক ফারুকির ছোবলে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল স্বাগতিকরা। বড় হারের চোখ রাঙানি এড়িয়ে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক গল্প লিখলেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তাদের ব্যাটে আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে তামিম ইকবালের দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের ২১৫ পেরিয়ে গেছে ৭ বল বাকি থাকতে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নতুন বলে কাঁপিয়ে দিয়েছিলেন ফজলহক ফারুকি। চার উইকেট নিয়ে চালকের আসনে বসিয়েছিলেন আফগানিস্তানকে। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর বাজে দুই আউটে বাংলাদেশের বিপদ বেড়েছিল আরও। এক সময় যেটা মনে হচ্ছিল অনেক দূরের ঠিকানা, সেটা সম্ভব হলো আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে।

ক্যারিয়ার সেরা ইনিংস খেলা দুই ব্যাটসম্যান গড়েছেন রেকর্ড জুটি। বাংলাদেশ পেয়েছে দুর্দান্ত এক জয়।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে এটি বাংলাদেশের নবম জয়। আফগানদের প্রথম হার।

চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া আফিফ অপরাজিত থাকেন ৯৩ রানে। তার ১১৫ বলের অসাধারণ ইনিংস গড়া ১১ চার ও এক ছক্কায়। বল হাতে আলো ছড়ানো মিরাজ ৯ চারে ১২০ বলে করেন ৮১ রান।

ফারুকি শেষ পর্যন্ত ৫৪ রানে নেন ৪ উইকেট। পুরান বলে আর ততটা কার্যকর ছিলেন না তিনি। সে সময় তাকে অনায়াসে খেলেছেন আফিফ ও মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৯.১ ওভারে ২১৫ (গুরবাজ ৭, ইব্রাহিম ১৯, রহমত ৩৪, শাহিদি ২৮, নাজিবউল্লাহ , নবি ১৭, রশিদ ০, মুজিব ০, ইয়ামিন ৫, ফারুকি ০; মুস্তাফিজ ৯.১-০-৩৫-৩, তাসকিন ১০-০-৫৫-২, সাকিব ৯-১-৫০-২, শরিফুল ১০-১-৩৮-২, মিরাজ ১০-৩-২৮-০, মাহমুদউল্লাহ ১-০-৪-১)

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২১৯/৪ (তামিম ৮, লিটন ১, সাকিব ১০, মুশফিক ৩, ইয়াসির ০, মাহমুদউল্লাহ ৮, আফিফ ৯৩, মিরাজ ৮১; ফারুকি ১০-১-৫৪-৪, মুজিব ১০-০-৩২-১, ইয়ামিন ৫-০-৩৫-০, রশিদ ১০-১-৩০-১, নবি ১০-১-৩২-০, গুলবাদিন ৩.৫-০-২৫-০)

Share if you like