Loading...

বস্তিবাসীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে মঙ্গলবার থেকে

| Updated: November 17, 2021 20:37:57


-প্রতীকী ছবি -প্রতীকী ছবি

রাজধানীর বস্তিবাসীদের মঙ্গলবার থেকে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার মহাখালীতে টিকা পরিবহনে যুক্তরাষ্ট্রের দেওয়া চারটি ফ্রিজার ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে একথা জানান তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

জাহিদ মালেক বলেন, মঙ্গলবার করাইল বস্তিতে টিকা দেওয়া শুরু হবে। পরে ঢাকার অন্যান্য বস্তি এবং দেশের বড় শহরের বড় বস্তিগুলোও পর্যায়ক্রমে টিকার আওতায় আসবে। বস্তিতে দেওয়া হবে সিনোফার্মের টিকা।

“করাইল ঢাকার সবচেয়ে বড় বস্তি। সেখানে তিন লাখের বেশি লোক বাস করে। তাদের টিকার আওতায় আনা হবে।”

নিবন্ধন করা না থাকলেও টিকাকেন্দ্রে জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নিয়ে এলে টিকা দেওয়া হবে বলে মন্ত্রী জানান।

পরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক সাংবাদিকদের বলেন, গণটিকাদান কর্মসূচির আওতায় ঢাকার বস্তিতে টিকা দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই নিতে পারেননি, তাদের এখন টিকা দেওয়া হবে।

মঙ্গলবার সকাল থেকে বনানীর করাইলের পল্লীবন্ধু এরশাদ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে টিকা দেওয়া হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে চারটি ফ্রিজার ভ্যান পাওয়া গেছে; আরও ১৪টি ভ্যান পাওয়ার কথা রয়েছে। এসব ভ্যানে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকা পরিবহন করা যাবে। দেশের বিভিন্ন জেলায় ফাইজারের টিকা সরবরাহে এসব ফ্রিজার ভ্যান ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন উইলিয়াম ডোয়ার্স, ইউএসএআইডি মিশন ডিরেক্টর ক্যাথেরিন স্টিভেনস, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল ওয়াহাবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share if you like

Filter By Topic