Loading...

বরখাস্ত হলেন শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা সেই পৌর মেয়র

| Updated: December 21, 2021 22:23:44


দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় আলোচিত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।ওই ঘটনায় সোমবার তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে দায়িত্ব পালনের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি দেখান’ মেয়র শাহানশাহ।

তার বিরুদ্ধে ওইদিনই দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “যেহেতু মো. শাহনেওয়াজ শাহানশাহর আচরণ শিষ্টাচার বহির্ভূত ও অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল, যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচিন নয় এবং জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে, এ কারণে তাকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হল।”

গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে  শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মেয়র শাহানশাহ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ।

তার অভিযোগ, পৌরসভার নাম ঘোষণায় দেরি হওয়ায় মেয়র তাকে গালাগাল দেন এবং থাপ্পড় মারেন।

অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে মেয়র শাহানশাহ সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক পৌরসভার নাম ডাকার কথা ৫ নম্বরে। কিন্তু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ ‘রহস্যজনক কারণে’ পৌরসভার নাম ঘোষণা করেন ৮ নম্বরে।

 “এ নিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা কাটাকাটি হয়েছে; থাপ্পড় মারার অভিযোগ কাল্পনিক ও মনগড়া।”

 

Share if you like

Filter By Topic