Loading...
The Financial Express

বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র অবিলম্বে বন্ধের সুপারিশ

| Updated: April 02, 2021 16:39:28


বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র অবিলম্বে বন্ধের সুপারিশ

দেশে দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাসের বিস্তার রোধে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ যে কোনো ধরনের মেলা বন্ধ করার সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বৃহস্পতিবার জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কমিটির সভায় এসব সুপারিশ গৃহীত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “রোগ প্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করা দরকার।

“একইসঙ্গে পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরার বিষয়ে ইতোমধ্যে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেসব যাতে পালন করা হয়, তার ব্যবস্থা নিতে হবে “

ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা নেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সম্প্রতি যে ১৮ দফা নির্দেশনা জারি করেছে, তা কার্যকর করার জন্য বাস্তবায়ন কর্মসূচি বা প্রস্তুতির জন্যও সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন বলে এই কমিটি মনে করছে।

সুপারিশে বলা হয়েছে, প্রতিদিন নতুন রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোর কোভিড ইউনিটগুলোতে সাধারণ ও আইসিইউ শয্যা বাড়ানো প্রয়োজন। সেইসঙ্গে ঢাকার বাইরে মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে হবে, যাতে এলাকার রোগীদের সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যায়।

করোনাভাইরাসের পরীক্ষা করতে আসা মানুষ যাতে সহজে সেবা পায়, তার ব্যবস্থা করার পাশাপাশি আগামী দিনগুলোতে পরীক্ষার চাহিদা ‘বাড়তে পারে’ জানিয়ে সেজন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে সুপারিশে।

সরকার পোস্ট ভ্যাকসিনেশন সার্ভেইলেন্সের যে উদ্যোগ নিয়েছে, তাকে 'একটি ভালো উদ্যোগ' হিসেবে বর্ণনা করেছে জাতীয় কমিটি।

পাশাপাশি সংক্রমণের গতিপ্রকৃতি বুঝতে জেনেটিক সিকোয়েন্সিংয়ে জোর দিয়ে সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা ও আর্থিক সংস্থানের ব্যবস্থা করতে বলা হয়েছে কমিটির সুপারিশে।

 

Share if you like

Filter By Topic