ফেইসবুক লাইভে মাথায় গুলি করে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা


এফই অনলাইন ডেস্ক | Published: February 03, 2022 10:58:23 | Updated: February 03, 2022 13:09:58


আবু মহসিন খান

ফেইসবুক লাইভে এসে মাথায় অস্ত্র তাক করে নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান আত্মহত্যা করেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে তার বাসায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, উনার (মহসিন) যারা ফলোয়ার ছিলেন, তারা ঘটনাটি দেখে ৯৯৯ এ ফোন দেন।

পরে পুলিশ ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মহসিনের মৃতদেহ উদ্ধার করে।

ওসি বলেন, চেয়ারের মধ্যে মৃতদেহ আর পাশেই তার বৈধ পিস্তলটি পড়েছিল।

ওসি বলেন, পঞ্চম তলার ওই ফ্ল্যাটে কেউ ছিলেন না। তার স্ত্রী ও সন্তান অস্ট্রেলিয়ায় থাকেন।

আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রস্তুতি নিয়েই এই আত্মহত্যা করেছেন তিনি। চিরকূটে সবকিছু লিখে গেছেন।

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, ব্যবসা করতেন এবং লোকসানের ভারে কীভাবে জর্জরিত হয়েছেন, সব কিছুই লিখেছেন।

ফেইসবুক লাইভে মহসিন খান নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পাশাপাশি নিজের নিঃসঙ্গ জীবনযাপনে নানা কষ্টের কথা বলেছিলেন।

একা থাকা যে কী কষ্ট! যারা একা থাকে তারাই বোঝে। আমার এখন পৃথিবীর মানুষের প্রতি কোন আবেগ নেই। আমি প্রতারিত হয়েছি।

বিভিন্নজনের কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকা পাওনার কথাও বলেছিলেন মহসিন। পরিবারের সদস্যদের নিয়েও মনোবেদনার কথা বলেন তিনি। দুই সন্তানকে মিলেমিশে থাকতেও বলেন তিনি।

পুলিশ কর্মকর্তা ইকরাম বলেন, সিআইডির ফরেনসিক টিমসহ আমাদের ইউনিট কাজ করছে।

মরদেহের প্রাথমিক কাজ শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হবে।

Share if you like