Loading...

ফারুকী হত্যা মামলায় জামিন পাননি কাজী ইব্রাহীম

| Updated: April 26, 2022 12:27:56


ফারুকী হত্যা মামলায় জামিন পাননি কাজী ইব্রাহীম

টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় কথিত ধর্মীয় বক্তা মুফতি কাজী ইব্রাহীমের জামিন নাকচ করেছে আদালত।

সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী জামিন আবেদন নামঞ্জুর করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ইব্রাহীমের আইনজীবী শওকত উল্লাহ চৌধুরী জামিন শুনানিতে বলেন, গত ২৩ ফেব্রুয়ারি ফারুকী হত্যা মামলায় কাজী ইব্রাহীমকে গ্রেপ্তার দেখানো হয়। কাজী ইব্রাহীম ওই ঘটনার সঙ্গে ‘জড়িত নন’।

“সামাজিক, আর্থিক, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। মামলার ১২ বছর পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কোনো আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম বলেননি। দুই মাসের অধিক সময় ধরে এ মামলায় কারাগারে আছেন কাজী ইব্রাহিম। জামিন পেলে তিনি পালাবেন না।”

আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই জালাল উদ্দিন জানান, রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত বছরের ২৮ সেপ্টেম্বর ভোরে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে কাজী ইব্রাহীমকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Share if you like

Filter By Topic