ফটিকছড়িতে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা,  ১৪৪ ধারা জারি


এফই ডেস্ক | Published: August 27, 2021 13:54:46 | Updated: August 27, 2021 18:14:38


ফটিকছড়িতে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা,  ১৪৪ ধারা জারি

জাতীয় শোক দিবস পালন নিয়ে একই জায়গায় ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর চট্টগ্রামের ফটিকছড়িতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার ফটিকছড়ি সরকারি কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা এবং আশপাশের ২০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছেন ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান। সেখানে দুই জনের বেশি একসঙ্গে চলাফেরাও করা যাবে না।

ইউএনওর স্বাক্ষরিত এব সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বজায় থাকবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ফটিকছড়ি থানার ওসিকেও নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ ও ফটিকছড়ি ডিগ্রি কলেজ ছাত্রলীগ যৌথভাবে কলেজ ক্যাম্পাসে শুক্রবার বিকালে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয়।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা মুক্তার নেতৃত্বে উপজেলা মহিলা আওয়ামী লীগের একাংশ একই স্থানে শোক দিবসের আলাদা কর্মসূচি ঘোষণা করলে উত্তেজনা তৈরি হয়।

ইউএনও মহিনুল হাসান বলেন, একই স্থানে দুই পক্ষের কর্মসূচি থাকায় ফটিকছড়ি থানা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা জানায়। এই পরিপ্রেক্ষিতে ফটিকছড়ি কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের একাংশের নেত্রী জেবুন নাহার মুক্তা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

Share if you like