পড়ে গিয়ে আহত ভাষা সংগ্রামী আহমদ রফিক, হাসপাতালে ভর্তি


FE Team | Published: March 19, 2021 21:00:36 | Updated: March 24, 2021 15:27:44


পড়ে গিয়ে আহত ভাষা সংগ্রামী আহমদ রফিক, হাসপাতালে ভর্তি

নিজের বাসায় পড়ে গিয়ে আহত হয়েছেন ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক-গবেষক আহমদ রফিক।

৯২ বছর বয়সী এ লেখককে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আহমদ রফিকের ঘনিষ্ঠজন সাইফুজ্জামান সাকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবাররাত সাড়ে তিনটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসি। বাসায় হাঁটতে গিয়ে কিংবা বিছানা থেকে পড়ে তার কোমরে হাড় নড়ে গেছে, মাথা সামান্য ফেটে গেছে। চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা পরবর্তী করণীয় বিষয়ে শিগগির জানাবেন, বলেন তিনি।

তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের বক্তব্য জানা যায়নি।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে জন্ম নেন আহমদ রফিক।

তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে, নির্বাসিত নায়ক, বাউল মাটিতে মন, রক্তের নিসর্গে, পড়ন্ত রোদ্দুরে, ভালোবাসা ভালো নেই, নির্বাচিত কবিতা।

প্রবন্ধ-গবেষণাগ্রন্থের মধ্যে রয়েছে, শিল্প সংস্কৃতি জীবন, নজরুল কাব্যে জীবনসাধনা আরেক কালান্তর, বুদ্ধিজীবীর সংস্কৃতি, রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা ও বাংলাদেশ, একুশের ইতিহাস আমাদের ইতিহাস, ভাষা আন্দোলন: ইতিহাস ও তাৎপর্য, ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা। ১৯৬৩ থেকে ১৯৭০ সাল অবধি তিনি ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা নাগরিক সম্পাদনা করেছেন।

স্বীকৃতি হিসেবে ১৯৯৫ সালে একুশে পদক, ২০০১ সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার, ১৯৭৯ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গের টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে তিনি রবীন্দ্রত্ত্বাচার্য উপাধি পান।

Share if you like