Loading...

প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু ১৫ মার্চ

| Updated: March 10, 2022 17:36:38


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

করোনাভাইরাস সংক্রমণ কমে যাওয়ায় প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরুর দিন এগিয়ে আনা হয়েছে।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। শুরুতে সপ্তাহে রোব ও মঙ্গলবার এ দুদিন স্কুলে যেতে হবে ক্ষুদে শিক্ষার্থীদের।

স্কুল কলেজ খুলে দেওয়ার পর ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকে ক্লাস শুরুর ঘোষণা আগে দেওয়া হয়েছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় ক্লাস শুরুর সময়কাল পাঁচ দিন এগিয়ে আনা হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালের মার্চে দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার।

পরে দুই দফায় স্কুল-কলেজ খুলে দেয়া হলেও প্রাক-প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধই থাকে। ফলে প্রাক প্রাথমিকে ভর্তি হওয়া অনেক শিশুর এখনও স্কুলের মুখে দেখা হয়নি।

শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকলেও এই সময়ে অনলাইনে ক্লাস চলছিল।

Share if you like

Filter By Topic