Loading...

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত, টিকাকেন্দ্রে মানুষের ভিড়

| Updated: October 31, 2021 14:04:41


প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত, টিকাকেন্দ্রে মানুষের ভিড়

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গায় প্রথমবারের মতো একজন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার প্রথম রোগী নিশ্চিত হওয়ার পর টোঙ্গাবাসীরা করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছেন।

পুরোপুটি টিকা নেওয়া এক ব্যক্তি একটি প্রত্যাবাসন ফ্লাইটে নিউ জিল্যান্ড থেকে দেশে ফেরার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে বলে বিবিসির বরাত দিয়ে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আগামী সপ্তাহ থেকে টোঙ্গার প্রধান দ্বীপ টঙ্গেটাপুর বাসিন্দারা সম্ভাব্য লকডাউনের মুখোমুখি হতে পারেন বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী পোহিভা তু’ই’ওনেতোয়া।

শেষ যে দেশগুলোতে এখনও করোনাভাইরাস মহামারী পৌঁছায়নি টোঙ্গা তাদের অন্যতম ছিল। নিউ জিল্যান্ডের উত্তরপশ্চিমের এই দ্বীপ দেশটিতে এক লাখেরও বেশি মানুষ বসবাস করে।

টোঙ্গার মোট জনসংখ্যায় মাত্র এক তৃতীয়াংশ পুরোপুরি টিকা নিয়েছেন। কিন্তু জাতীয় টিকাদান সমন্বয়কারী আফু তেই জানিয়েছেন, এখন ডোজ নেওয়ার জন্য হাজার হাজার মানুষ টিকাকেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন।

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে একটি প্রত্যাবাসন ফ্লাইটে দেশে ফেরা ২১৫ জনের মধ্যে সংক্রমিত ওই ব্যক্তিও ছিলেন। ওই ফ্লাইটে থাকা অন্যান্যদের মধ্যে টোঙ্গার অলিম্পিক টিমের সদস্যরাও ছিলেন। টোকিও অলিম্পিকের পর থেকে তারা ক্রাইস্টচার্চে আটকা পড়ে ছিলেন।

নিউ জিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি ছাড়ার আগে করা পরীক্ষায় ওই ব্যক্তির ফল নেগেটিভ এসেছিল।

কিন্তু টোঙ্গার কর্তৃপক্ষ বলেছে, বাধ্যতামূলকভাবে পরিচালিত আইসোলেশনে থাকাকালে বৃহস্পতিবার করা রুটিন পরীক্ষায় তার ফল পজিটিভ আসে।

টোঙ্গার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী সিয়ালে আকাউ’ওলা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, টোঙ্গার আক্রান্ত ওই নাগরিক অক্টোবরের মাঝামাঝি টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন আর তিনি গুরুতর অসুস্থ হননি।

প্রধানমন্ত্রী তু’ই’ওনেতোয়া জানিয়েছেন, কেউ আক্রান্ত হওয়ার পর ভাইরাসটি ছোঁয়াচে অবস্থায় পৌঁছতে তিন দিনেরও বেশি সময় নেয় এমনটি জানিয়ে তাকে আশু লকডাউন না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যদি আরও আক্রান্ত পাওয়া যায়, তেমন পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নেওয়ার জন্য এ সময়টি তারা ব্যবহার করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুযায়ী, মহামারী শুরুর পর থেকে বিশ্বব্যাপী ২৪ কোটি ৬০ লাখ করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে এবং কোভিড-১৯ জনিত কারণে প্রায় ৫০ লাখের মৃত্যু হয়েছে।

টুভালুর মতো প্রশান্ত মহাসাগরীয় কিছু দ্বীপ দেশে ভাইরাসটি এখনও ছড়ায়নি। আর উত্তর কোরিয়া ও তুর্কমেনিস্তান এখনও কোনো রোগী শনাক্ত হওয়ার কথা জানায়নি; কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, সরকারিভাবে নিশ্চিত করা না হলেও এই দুটি দেশে সম্ভবত ভাইরাসটির উপস্থিতি আছে।

Share if you like

Filter By Topic