Loading...
The Financial Express

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষে জড়ালেন ছাত্রলীগ নেতারা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহত

| Updated: January 04, 2022 21:25:59


প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষে জড়ালেন ছাত্রলীগ নেতারা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহত

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মারামারিতে আহত হয়েছেন ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ অন্তত ১০ জন।

মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চের ডান পাশে নেতা-কর্মীদের অবস্থান নিয়ে এই মারামারি বাঁধে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মারামারির পর নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর অনুষ্ঠান শুরু হয় সাড়ে ৩টায়। প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ নিয়ে পৌনে ৪টায় অনুষ্ঠানস্থলে আসেন সম্পাদক লেখক।

অনুষ্ঠান শুরুর ঠিক আগে মঞ্চের পাশে সংগঠনটির নেতা-কর্মীরা হাতাহাতি, চেয়ার ও ইট ছোঁড়াছুড়িতে জড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের নেতা-কর্মীদের মধ্যে এই মারামারি বাঁধে অবস্থান নেওয়া নিয়ে।

তা দেখে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক পরিস্থিতি শান্ত করতে সেখানে যান। তখন লেখকের মাথায় ইটের আঘাত লাগে।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১০ থেকে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে দেখা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয়জনের চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তারা হলেন- জহিরুল হাসান অমি (২২), মাহাবুব (২২), হিরু (২৫), গালিব (২২), রোমান মাহমুদ (২৬), সালমান (২৩), অপু (২৫), শিমুল (২৩) ও জুবায়ের (২২)।

আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও ঢাকা কলেজের ছাত্রও রয়েছে।

পরে মঞ্চ থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, “অনুষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে তাকে এই দায় নিতে হবে।”

Share if you like

Filter By Topic