Loading...

পুলিশকে বিব্রত করে, এমন কিছু না করার নির্দেশ ডিএমপি কমিশনারের

| Updated: August 25, 2022 18:05:11


পুলিশকে বিব্রত করে, এমন কিছু না করার নির্দেশ ডিএমপি কমিশনারের

যে কাজ পুলিশ বাহিনীকে বিব্রত করে তা করতে নিষেধ করার পাশাপাশি থানা হাজতে আত্মহত্যার সহায়ক কোনো কিছু যাতে না থাকে তা নিশ্চিত হতে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার সকালে ডিএমপি সদরদপ্তরে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন তিনি।

সভা শেষে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনারের নির্দেশনা ও বক্তব্য তুলে ধরা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সভায় শফিকুল বলেন, এমন কোন কাজ করা যাবে না, যা পুলিশ বাহিনীকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করে। হাজত খানায় আত্মহত্যার সহায়ক তেমন কিছু যেন না থাকে সে বিষয়েও অফিসার ইনচার্জদেরকে নিশ্চিত হতে হবে।

গত শুক্রবার রাতে রাজধানীর হাতিরঝিল থানা হাজতে রুম্মন শেখ (২৭) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছে বলে পুলিশের ভাষ্য।

পুলিশ বলছে, চুরির অভিযোগে গ্রেপ্তার ওই ভ্যানচালক শুক্রবার মাঝরাতের পর জেল হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। যেটির একটি সিসিটিভি ভিভিও স্বজনদের দেখানো হয়।

তবে স্বজনদের দাবি ওই ভিডিওতে আত্মহত্যার কোনো কিছু নেই। রুম্মন আত্মহত্যা করতে পারেন না। তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তাদের।

এ নিয়ে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেন মৃতের স্বজন ও স্থানীয়রা। স্বজনরা মরদেহও গ্রহণ করতে চাননি।

আর এ ঘটনায় ওই থানার দুই সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠনের কথাও জানিয়েছে পুলিশ।

এমন প্রেক্ষাপটে বুধবার ডিএমপি কমিশনার থানায় আত্মহত্যার সহায়ক কোনো কিছু যাতে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন।

ভালো কাজ ও জনসম্পৃক্ততার মাধ্যমে জনগণের আস্থা অর্জন এবং পুলিশিং করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার কথা বলেন তিনি।

কোনো কোনো রাজনৈতিক দল দ্রব্যমূল্য বেড়ে যাওয়াসহ নানা ইস্যুতে মিথ্যা তথ্য প্রচার করে গণ অসন্তোষ ইত্যাদির চেষ্টা করতে পারে জানিয়ে তিনি এ ধরনের অপচেষ্টার আগাম তথ্য সংগ্রহ করে তা প্রতিহত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচী পালনে পুলিশ বাধা দেবে না। তবে রাজনীতির নামে যারা আগুন সন্ত্রাস বা গাড়ি ভাংচুর করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত, মাদক উদ্ধার ও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আরও গুরুত্ব আরোপ করেন তিনি। এসব কাজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি করার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

নতুন অফিস সূচির সময়ে রাস্তায় গাড়ির চাপ বেশি থাকবে জানিয়ে তিনি সড়ক পারাপারের জন্য অপেক্ষমান শিক্ষার্থীদের দ্রুত পার করে দেওয়ার নির্দেশনা দেন।

সভায় ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কারও দেন ডিএমপি কমিশনার।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, মো. আসাদুজ্জামান, সৈয়দ নুরুল ইসলাম, মোহাম্মদ হারুন অর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওসিরা উপস্থিত ছিলেন।

Share if you like

Filter By Topic