পুরুষ ক্রিকেটারদের এক মাসের বেতনের সমান নারীদের পুরো বছরের বেতন!


মোঃ ইমরান | Published: July 19, 2022 16:22:28 | Updated: July 19, 2022 19:26:28


পুরুষ ক্রিকেটারদের এক মাসের বেতনের সমান নারীদের পুরো বছরের বেতন!

ভারতের নারী ক্রিকেটার হরপ্রীত করের শেষ বোলটি মিড উইকেটে খেলে দিয়ে জাহানারা আলম যখন দুই রান নিয়ে প্রথমবারের মতো দেশকে এশিয়া কাপ দেয় তখন তাদের বেতন লাখের ঘরে পৌঁছায়নি! জানেন কি ওই একই সময়ে দেশের পুরুষ একাদশের সবচেয়ে নিচের গ্রেডের ক্রিকেটারের আয়ও লাখ টাকা? যদি সুবিধার কথা বলতে হয় তাহলে সেটিইবা কেমন?

প্রথম সারির ক্যাটেগরিতে দেশের ক্রিকেটে ছেলেদের সর্বোচ্চ বেতন ৫০ লাখ টাকার কম বেশি যেখানে ম্যাচ ফি টেস্ট হলে ৩ লাখ, ওয়ানডে ২ লাখ। অপরদিকে নারী ক্রিকেটারের বৎসরিক সর্বোচ্চ বেতন ৪‌ লাখ ৮০ হাজার টাকার কাছাকাছি যা ছেলেদের এক মাসের বেতনের কিঞ্চিত বেশি। একদিনের ম্যাচ ফি হিসেব করলে বাঘিনীরা পায় মাত্র ২১ হাজার টাকা!

সমতা এখন নিউজিল্যান্ডে

টেস্ট খেলুড়ে দেশের মধ্যে নিউজিল্যান্ডই প্রথম যারা নারী ও পুরুষ ক্রিকেটারদের আয়ের মধ্যে সমতা এনেছে। আগে হোয়াইট ফার্নস খ্যাত নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা বছরে ৮৩ হাজার ৪‌শ ৩২ ডলার সম্মানি পেত এখন তা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২শ ৪৬ ডলার করা হয়েছে। পুরুষ একাদশের অর্থ বাড়ানো হয়নি। আগামী পাঁচ বছরের জন্য আয়ের এই সমতাকরণ করা হয়েছে।

অস্ট্রেলিয়া

দশ বছর পুরনো নিউজিল্যান্ডে এমন যুগান্তকারী পরিবর্তন আসলেও তাদের পার্শ্ববর্তী দেশ অস্ট্রেলিয়ার চিত্রটি কেমন?

অস্ট্রেলিয়ায় নারী ও পুরুষ ক্রিকেটারদের আয় যথারীতি অন্যান্য দেশের থেকে অনেক বেশি তবে জেন্ডার ভিত্তিক তারতম্য এখান স্পষ্ট।

অজি অধিনায়ক প্যাট কামিন্সকে জাতীয় দলে খেলাতে হলে বছরে ২ মিলিয়ন ডলার অর্থাৎ ১৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি গুনতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। টেস্ট, ওয়ানডে ও টি টুয়েন্টি ফরম্যাটে ম্যাচ প্রতি তার ফি যথাক্রমে ১৮, ৭ ও ৫ হাজার মার্কিন ডলার।

ম্যাগ ল্যানিং হলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক। তিনি বছরে মাত্র ১শ‌ ৩০ হাজার ডলার আয় করেন বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় ১ কোটি ২২ লাখ টাকার মতো। দুই অধিনায়কের তুলনা করা হলে কামিন্স ল্যানিং থেকে ১৫ গুণ বেশি অর্থ আদায় করে। এমন নয় যে নারী দলের পারফরম্যান্স নেই। ল্যানিং অস্ট্রেলিয়ার পাঁচবার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ম্যাচ জয়ে তার অবদান বিশাল।

উপমহাদেশের কী হাল

বাংলাদেশের সালমা, রুমানা, জাহানারাদের কথা বললে ভারতের স্মৃতি মন্দানা, হরপ্রীত কর, মিতালী রাজ ও পাকিস্তানের ফাতিমা ও সানা মীরদের কথা বলতেই হয়।

ভারতে আয়ের তারতম্য প্রকট ভাবেই স্পষ্ট। ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই পুরুষ ক্রিকেটারদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে। সর্বোচ্চ ক্যাটাগরি এ+ পায় বাৎসরিক ৭ কোটি রুপি। ম্যাচ ফি তাদের টেস্ট হলে ১৫ লাখ, ওয়ানডেতে ৬ এবং টি টুয়েন্টির জন্য ৩ লাখ রুপি।

এই তালিকায় সবচেয়ে নিচে সি ক্যাটাগরি‌। তাদের বাৎসরিক সম্মানি ১ কোটি রুপি যেখানে ভারতে নারী ক্রিকেটের সবচেয়ে উপরে এ ক্যাটাগরির বেতন মাত্র ৫০ লাখ রুপি। আশ্চর্যের বিষয় হলো নারীদের এ ক্যাটাগরি আর অনুর্ধ্ব-১৯ পুরুষদের বেতন একই, বছরে ৫০ লাখ রুপি !

পাকিস্তানে এই বৈষম্য আরো ভয়ঙ্কর। সানা মীর ও নিদা দরের মতো প্রথম বিভাগের ক্রিকেটারদের বেতন ১ লাখ ২০ হাজার পাকিস্তানি রুপি তার বিপরীতে পাক অধিনায়ক বাবর আযমের আয় ৬৩ লাখ রুপি।

টুর্নামেন্টের হিসেবে নারী ও পুরুষ দলের প্রাইজ মানি

নারী ও পুরুষ ক্রিকেটারদের অর্থের বৈষম্য আইসিসির টুর্নামেন্টগুলোতেও দেখা যায়। ৫০ ওভারের বিশ্বকাপজয়ী দল ১.৬ মিলিয়ন ডলার প্রাইজ মানি পায়, রানার আপ পায় ৮ লাখ ডলার এর বিপরীতে নারীদের বিশ্বকাপজয়ী দলের প্রাইজ মানি ১.৩ মিলিয়ন ডলার রানার আপ পায় ৬ লাখ ডলার।

ট্রেইনিং সুবিধা

পুরুষ ক্রিকেটারদের ট্রেনিংয়ের জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। নারীদের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী ট্রেইনিং সুবিধা ইদানিং ব্যবস্থা করা হয়েছে। তবে বেশি দিন নয়, আজ থেকে এক দশক আগেও ট্রেইনিংয়ের জন্য যথাযথ ব্যবস্থা ছিল না নারীদলের।

পাকিস্তানে নারীদের জন্য পুরাতন সরঞ্জামাদি দিয়ে ট্রেইনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে ট্রেইনিং দূরে থাক, ২০১৩ সালের দক্ষিণ আফ্রিকা ট্যুরে ম্যাচ ফি পর্যন্ত পাইনি মেয়েরা। তাদের খাওয়া-দাওয়া, ট্রেইনিং, পোশাক সেই ব্যয় তো প্রশ্নেই উঠে না।

অর্থের পাশাপাশি প্রাপ্য সম্মানের দিক থেকেও একটা কঠিন সময় পাড় করে এসেছে নারী ক্রিকেট। ভারতের‌ নারী জাতীয় দলের নিজস্ব জার্সি পর্যন্ত ছিল না, পুরুষ ক্রিকেটারদের জার্সি কিট পরার জন্য দেয়া হয়েছিল সেসময়ের অধিনায়ক মিতালি রাজকে।

ক্রিকেটের আয়

বর্তমানে এই পর্যায়ের বৈষম্য না দেখা গেলেও বেতন ও টুর্নামেন্ট ফি উভয় দিক থেকে পিছিয়ে নারীদের ক্রিকেট। তবে এই বৈষম্যটি মূলত বৈষম্য নয় বলে মনে করেন ভারতের ক্রিকেটার স্মৃতি মন্দানা। একটি বিজ্ঞাপন অনুষ্ঠানে তিনি বলেন, "আয়ের বড় একটি‌ অংশ আসে পুরুষ ক্রিকেট থেকে তাই একই বেতন তারা আসা করতে পারেন না।"

তবে নারী ক্রিকেটে লাভ্যাংশের পরিমাণ কম হলেও তাদের পরিশ্রম, মনোযোগ, তপস্যা কোনো অংশে পুরুষদের থেকে কম নয়। এছাড়া বিনিয়োগ ছাড়া প্রতিদান আশা করা উচিত নয় বলে মনে করেন অনেক ক্রিকেট পন্ডিটরা কেননা, বিনিয়োগ হবে ভালো সুবিধা পাবে তবেই মাঠে ভালো খেলা হবে আর ভালো খেলা হলেই তবে দর্শক মাঠে আসবে, ব্যবসা বাড়বে আয়ও হবে।

এর উদাহরণ নিউজিল্যান্ড। দেশটি ইতিহাসে অনেক প্রথাবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটে নারী ক্রিকেটারদের পুরুষের সমান সম্মানী দেয়া দেশটি নির্বাচনের ইতিহাসে নারীদের প্রথম ভোটাধিকার নিশ্চিত করেছিল।

মোঃ ইমরান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছেন।

imran.tweets@gmail.com

সূত্র

১. https://femalecricket.com/women-cricket-news/18491-bangladesh-cricket-board-announces-20-salary-raise-for-22-female-contracted-players.html

২. https://m.timesofindia.com/sports/cricket/news/revenue-comes-from-mens-cricket-unfair-if-women-ask-for-same-pay-smriti-mandhana/amp_articleshow/73519190.cms

৩. https://www.sportyreport.com/bangladesh-cricket-players-salary/#:~:text=Apart%20from%20central%20contracts%2C%20every,BDT%201.25%20lakh%20per%20T20I.

৪. https://www.crictracker.com/pcb-raises-salaries-for-centrally-contracted-pakistan-women-cricketers/?amp=

৫. https://www.crictracker.com/babar-azam-net-worth-and-salary-details/

৬. https://www.sportyreport.com/australia-cricket-players-salary/

৭. https://www.crictracker.com/top-5-female-cricketers-and-their-salaries/

৮. https://www.outlookindia.com/sports/icc-women-s-world-cup-2022-playing-conditions-prize-money-and-top-players-to-watch-out-for-news-184879/amp

৯. https://thebridge.in/women-cricket/indian-cricketers-salaries-mens-team-difference-29635

১০. https://www.timesofsports.com/cricket/indian-players-salary/amp/

১১. https://bn.bdcrictime.com/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

Share if you like