সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ারের মূল্য সূচকে বড় পতন হয়েছে।
সোমবার দিন শেষে প্রধান বাজার ঢাকার প্রধান সূচক আগের দিনের চেয়ে প্রায় সোয়া শতাংশ ও চট্টগ্রামের প্রধান সূচক প্রায় দেড় শতাংশ কমেছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৯ দশমিক ১৯ পয়েন্ট কমে ৭ হাজার ৯৭ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করছে।
একদিনে এর আগে সর্বোচ্চ দরপতন ছিল ২০২১ সালের ২৭ জুন। সেদিন ১০০ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ হারিয়েছিল ডিএসইএক্স।
সোমবার নিয়ে টানা ছয় দিন ৩ দশমিক ৬৭ শতাংশ সূচক কমল ডিএসইতে। ১০ অক্টোবর সূচক ছিল ৭ হাজার ৩৬৮ পয়েন্ট।
এই বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৮০ শতাংশ বা ২৬১ কোটি ৫৪ লাখ টাকা কমেছে।
ঢাকায় একহাজার ৩৯৩ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ছিল একহাজার ৬৫৫ কোটি ৩৮ লাখ টাকা।
এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছিল গত ২৮ জুলাই। সেদিন লেনদেন ছিল একহাজার ৩৬০ কোটি ৮৯ লাখ টাকা।
সোমবার ডিএসইতে ৮৭ শতাংশ কোম্পানির দাম কমেছে। বিপরীতে ৯ শতাংশের দাম বেড়েছে; অপরিবর্তিত রয়েছে ৫ শতাংশ কোম্পানির দাম।
এদিন লেনদেনে ছিল ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির; কমেছে ৩২৪টির; এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫২৫ দশমিক ১৮ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ২৬ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৭৮ দশমিক ৫৬ পয়েন্টে।
