Loading...

পাইলট নওশাদের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

| Updated: September 01, 2021 21:12:11


পাইলট নওশাদের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ পর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ বৃহস্পতিবার দেশে আনা হবে।

বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ তথ্য জানান।  

মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে গত শুক্রবার মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ শিকার হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকমের।

ভারতের নাগপুরে জরুরি অবতরণের পর তিন দিন ‘কিংস ওয়ে’ হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সোমবার সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা শোকাবহ সবাই, একজন সন্মানিত পাইলট, এর আগেও বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে অনেক যাত্রীর জীবন রক্ষার্থে যে ক্রেডিট উনি দেখিয়েছিন এবং যাত্রীদেরকে নিরাপদে অবতরণের ব্যাপারে উনি সমর্থ হয়েছেন।

"উনি আজকে আমাদের মধ্যে নেই, আমরা অত্যন্ত শোকাবহ। যত দ্রুত সম্ভব তার মৃতদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভবত আগামীকাল সকাল সাড়ে ৮টায় উনার মরদেহ আসবে।”

কোন প্রক্রিয়ায় তার মরদেহ দেশে আনা হচ্ছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “আমি যে ইনফরমেশন পেয়েছি, কালকে সাড়ে ৮টার মধ্যে... এ বিষয়টি বিমান অপারেট করছে।”

“তিনটি পদ্ধতি ছিল। একটি হচ্ছে এখান থেকে ফ্লাইট আসার পথে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের মাধ্যমে আনা অথবা ওখান থেকে যে রেগুলার ফ্লাইট আছে, সেভাবে আনতে হবে অথবা আমাদের একটি বিমান ওখানে গিয়ে ওনাকে আনাবে।”

যেভেবে সহজ হয় সেটাই করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “যেহেতু রেগুলার ফ্লাইট অপারেট হচ্ছে না, এখন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন প্লাস ওই দেশের সিভিল অ্যাভিয়েশনের পার্মিশন, সবগুলোই নিতে হবে।”

‘বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেলের অনলাইন বুকিং সিস্টেম উদ্বোধন’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে পাইলট নওশাদের বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

Share if you like

Filter By Topic