Loading...
The Financial Express

নেকড়ের পাল পালানোর পর বন্ধ ফ্রান্সের চিড়িয়াখানা

| Updated: December 25, 2021 17:43:34


ছবি গার্ডিয়ান থেকে নেওয়া ছবি গার্ডিয়ান থেকে নেওয়া

খাঁচা ভেঙে ৯ নেকড়ের একটি পাল বেরিয়ে আসার পর স্থানীয় কর্তৃপক্ষ ফ্রান্সের একটি চিড়িয়াখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

গত সপ্তাহে দক্ষিণ ফ্রান্সে নেকড়ে পালের পালানোর সময় ত্রোয়া ভালে চিড়িয়াখানাটি খোলা থাকলেও তখন ভেতরে খুব বেশি দর্শনার্থী ছিল না বলে জানিয়েছে বিবিসি।

এই ঘটনায় চিড়িয়াখানার কর্মী বা দর্শনার্থীদের কেউ আহত হয়নি।

ওই নেকড়েরা খাঁচার নিরাপত্তা হ্যাচ নষ্ট করে দেয় এবং বেষ্টনী টপকে পালায়। তবে প্রাণীগুলো চিড়িয়াখানা এলাকার বাইরে যেতে পারেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

‘বিপজ্জনক আচরণ’ করা ৪ নেকড়েকে পরে গুলি করে হত্যা করা হয়। বাকি ৫টিকে খাঁচায় ফেরানো হয়েছে বলে ফ্রান্সভিত্তিক একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা ফাবিয়ান চোলে।

খাঁচা থেকে নেকড়ে পালের বেরিয়ে যাওয়ার খবর পেয়ে কর্তৃপক্ষ যাদের ঘটনাস্থলে পাঠায়, তারা ওই ৫টি নেকড়েকে অচেতন করতে সক্ষম হন।

“সেসময় চিড়িয়াখানায় খুব বেশি মানুষ ছিল না, তাৎক্ষণিকভাবে কেউ বিপদেও পড়েনি,” বলেছেন চোলে।

নিরাপত্তা ত্রুটি সারানোর আগ পর্যন্ত চিড়িয়াখানাটি বন্ধ রাখা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

পরে ওয়েবসাইটে কর্তৃপক্ষ জানায়, ‘জরুরি কাজ’ সারতে ত্রোয়া ভালে চিড়িয়াখানা মধ্য জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

নেকড়েগুলো অল্প ক’দিন আগেই চিড়িয়াখানায় এসেছিল;খাঁচা ভেঙে প্রাণীগুলোর বেরিয়ে আসার পরপরই চিড়িয়াখানার ভেতরে থাকা দর্শনার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

৬০ হেক্টরের বেশি জমির উপর বানানো এই চিড়িয়াখানায় সিংহ, বানর, ফ্লেমিঙ্গোসহ ৬০০-র বেশি পশুপাখি রয়েছে।

Share if you like

Filter By Topic