নির্বাচন পর্যবেক্ষণ করতে রাশিয়া যাচ্ছেন সিইসি


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: August 20, 2021 19:58:38 | Updated: August 21, 2021 12:00:18


কে এম নূরুল হুদা

নির্বাচন পর্যবেক্ষণ করতে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে রাশিয়া যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সিইসির একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম জানিয়েছেন, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার ভোট হবে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর।

রাশিয়ার নির্বাচন কমিশনের আমন্ত্রণে এ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধিদল যাচ্ছে। সরকারি এ সফর সিইসির সঙ্গে তার একান্ত সচিবও থাকছেন।

১৬ সেপ্টেম্বরের আগে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশে রওনা হয়ে নির্বাচন পর্যবেক্ষণ শেষে ২১ সেপ্টেম্বর ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন মাজহারুল ইসলাম।

তিনি জানান, সিইসির এই সফরে নির্বাচন পর্যবেক্ষণ ছাড়াও একটি সমঝোতা স্বাক্ষর হতে পারে।

এর আগে ২০১৯ সালে রাশিয়ার মস্কোয় ডিজিলাইটেশন অব ইলেকটোরাল প্রসেস, হিউমেনিটেরিয়ান ডাইমেনশন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে গিয়েছিলেন সিইসি।

Share if you like