নিম্নমানের খাবার দেওয়ায় ভারতে করোনা রোগীদের সড়ক অবরোধ


FE Team | Published: April 27, 2021 20:51:29 | Updated: April 28, 2021 16:35:53


নিম্নমানের খাবার দেওয়ায় ভারতে করোনা রোগীদের সড়ক অবরোধ

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে সরকারি সেফ হোম-এ নিম্নমানের খাবার পরিবেশন করার প্রতিবাদে মঙ্গলবার সকালে সড়ক অবরোধ করেছেন করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা।

পরে রোগীদের বুঝিয়ে, সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ফের তাঁদের সেফ হোম-এ ফেরত পাঠানো হয়, খবর আনন্দবাজার পত্রিকার।

উত্তর দিনাজপুরের হোমগার্ড প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি ব্যবস্থাপনায় সেফ হোম তৈরি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে অন্তত ৪০ জন করোনা রোগী ভর্তি। ওই সেফ হোমে ন্যূনতম স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিধিও পালন করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন রোগীরা।

বিক্ষুব্ধ রোগীদের দাবি, অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে সেফ হোমে। খাওয়ার পানির বোতলের নীচে শ্যাওলা জমে রয়েছে। এ নিয়ে কর্মকর্তাদের কাছে বার বার অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। তাই সংক্রমিত অবস্থাতেই পথে নামতে বাধ্য হন তাঁরা।

ওই সেফ হোমে ভর্তি এক রোগী বলেন, এখানে খাবারের গুণমান খুবই খারাপ। সময় ধরে করোনা রোগীদের কী কী খাবার দেওয়া উচিত, তা ঠিক করে দিয়েছিল স্বাস্থ্য দফতর। কিন্তু এখানে তা মানা হচ্ছে না। উল্টোপাল্টা খাবার দিচ্ছে। এমনকি পানীয় জলের ঠিকঠাক ব্যবস্থাও নেই। প্রচণ্ড অসুবিধায় রয়েছি আমরা।

Share if you like