Loading...

নিজেকেই কাঠগড়ায় দাঁড় করালেন অধিনায়ক মাহমুদউল্লাহ

| Updated: October 30, 2021 15:45:24


নিজেকেই কাঠগড়ায় দাঁড় করালেন অধিনায়ক মাহমুদউল্লাহ

ফিল্ডিং সাজানো দেখেই মাহমুদউল্লাহ বুঝে নিয়েছিলেন, শেষ বলে কোন ডেলিভারি আসছে। ওভারের আগের ডেলিভারিগুলো থেকেও ধারণা করতে পেরেছিলেন তিনি। বাংলাদেশ অধিনায়কের ভাবনা মতোই শেষ বলটি আন্দ্রে রাসেল করেন ইয়র্কার। সরে গিয়ে জায়গা করে নিলেও নিখুঁত সেই ডেলিভারিতে ব্যাট ছোঁয়াতে পারেননি মাহমুদউল্লাহ। শেষ বলে চার রানের সমীকরণ মেলাতে না পারায় দায় ম্যাচের পর নিজের কাঁধেই নিলেন তিনি।

শেষ বলে ৪ রান অসম্ভব কিছু নয়। থিতু ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে থাকায় আশা ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত রানই নিতে পারেননি অধিনায়ক। দল হেরে যায় ৩ রানে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার হৃদয় ভাঙা এই হারের পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্রাহ কাঠগড়ায় দাঁড় করালেন নিজেকেই।

“শেষ বলটা আমি জানতাম যে, রাসেল ব্লক হোলে করবে। কারণ, লেগ সাইডে যেহেতু (সীমানায়) চারটা ফিল্ডার ছিল। আগের দুইটা বলও ভালো ইয়র্কার করেছিল, সেগুলো আমি তুলতে পারিনি।”

“চিন্তা করছিলাম যে, যদি একটু জায়গা করি বা ও যদি (লেংথ) মিস করে, তাহলে মিড-অফের ওপর দিয়ে মারতে পারি। বা যদি ও মিস করে (লেংথ), তাহলে কাভার, পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়েও (চার) মারতে পারি। এটা আমার দোষ, আমি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি ওই শেষ বলটায়।”

রাসেলের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। বাংলাদেশ নিতে পারে কেবল ৯। শেষ ওভারে জীবনও পান মাহমুদউল্লাহ, ক্যারিবিয়ানদের আলগা ফিল্ডিংয়েও ম্যাচ জয়ের সুযোগ আসে বাংলাদেশের। কিন্তু পারেননি মাহমুদউল্লাহরা।

Share if you like

Filter By Topic