নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনার সঙ্গে ছাত্রলীগের ‘সন্ত্রাসীরাই’ জড়িত অভিযোগ করে বিএনপি নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে ইস্কাটনে লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, “সরকারের ব্যর্থতার কারণে আজকে দেশে এক দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন যে, কয়েকদিন আগে নিউ মার্কেট অঞ্চলে ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংষর্ষ সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তার কারণে হয়েছে। এখন দেখা যাচ্ছে যে, শুধু নিষ্ক্রিয়তার নয়- তাদের ইন্ধনে এটা হয়েছে।
“এজন্য যে, আমরা দেখেছি, পরবর্তীকালে বিভিন্ন মিডিয়ায় ও পত্র পত্রিকায় যে সংবাদগুলো এসেছে সেই সংবাদে এটা প্রমাণিত হয়েছে যে, এই সন্ত্রাসের সাথে সম্পূর্ণভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত ছিল।”
এ ঘটনায় বিএনপি ও ছাত্র নেতাদের দায়ী করে পুলিশের মামলা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে ফখরুল অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার আহবান জানান।
গত সোমবার রাত থেকে মঙ্গলবার দিনভর রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংষর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে।
পুলিশ বাদী হওয়া একটি মামলায় প্রধান আসামী করা হয়েছে বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসনকে। নিউ মার্কেট থানা বিএনপির সাবেক এ সভাপতিকে শুক্রবার বিকালে গ্রেপ্তারও করেছে পুলিশ।
