নিউ ইয়র্কে ভবনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ১৯


এফই অনলাইন ডেস্ক | Published: January 10, 2022 10:01:14 | Updated: January 10, 2022 17:03:01


ছবিঃ রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ১৯ তলা একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে নয়টি শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে এবং বহু আহত হয়েছেন।

নগরীর কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ঘর গরম করার হিটার থেকে লাগা আগুনের ধোঁয়া ব্রঙ্কস বরোর ওই পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়ে।

নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস নিশ্চিত করে জানিয়েছেন, আগুনে ১৯ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্থানীয় সময় সকাল ১১টার দিকে সাশ্রয়ী মূল্যের হাউসিং ইউনিট টুইন পার্কস নর্থ ওয়েস্ট ভবনে আগুন লাগে বলে জানিয়েছেন মাত্র সপ্তাহখানেক আগে দায়িত্ব নেওয়া এই মেয়র।

এর আগে কর্মকর্তারা জানান, এ ঘটনায় মোট ৬০ জন আহত হয়েছেন আর তাদের মধ্যে ৩২ জনের অবস্থা সঙ্কটজনক।

Share if you like