নারায়ণগঞ্জে পেপার মিলে আগুন লেগে ৪ নিরাপত্তাকর্মী দগ্ধ


এফই ডেস্ক | Published: July 05, 2021 13:38:58 | Updated: July 05, 2021 17:53:38


নারায়ণগঞ্জে পেপার মিলে আগুন লেগে ৪ নিরাপত্তাকর্মী দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পেপার মিলে আগুন লেগে চার নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন।

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, রোববার রাত দেড়টার দিকে কাঁচপুরে আল নূর নামে একটি পেপার মিলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দগ্ধ চারজনকেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্ট্রিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- নিরাপত্তাকর্মী মোস্তাফিজুর রহমান (৪৫), আসাদুজ্জামান (৪০), তৌহিদুল ইসলাম (৪০) ও ফারুক নিয়া (৪৫)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তানহারুল বলেন, কারখানার গ্যাস রাইজারের পাশে নিরাপত্তাকর্মীদের কক্ষ ছিল। গ্যাস রাইজার থেকে হঠাৎ আগুন লেগে নিরাপত্তাকর্মীদের রুমে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সাভির্সকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তাকর্মীরা দগ্ধ হওয়ায় তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

তিনি বলেন, আগুনের কারখানার যন্ত্রপাতির ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হয়েচিল। তারপর কোনোভাবে আগুন লেগে যায়। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Share if you like