ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা পানের দুই শিশুর মৃত্যুতে ওই প্যারাসিটামল সিরাপ তিনটি ব্যাচের নমুনা পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
তবে ওই শিশু দুটির মৃত্যুর কারণ এখনও উদ্ঘাটিত হয়নি। তার জন্য ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সোমবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, আশুগঞ্জের যে দোকান থেকে কেনা ওষুধ সেবনের পর শিশু দুটি মারা গেছে, সেই দোকান থেকে আটটি বোতল জব্দ করেন তারা। এছাড়া আরও দুটি ব্যাচের নমুনা সংগ্রহ করা হয়।
নমুনা পরীক্ষায় ওই তিনটি ব্যাচের নাপা সিরাপে ক্ষতিকর কোনো উপাদান পাওয়া যায়নি।
যে বোতলের সিরাপ শিশু দুটিকে খাওয়ানো হয়েছিল, সেটা পরীক্ষা করতে পারেনি ঔষধ প্রশাসন অধিদপ্তর।
ইউসুফ বলেন, যে বোতলের ঔষধ খেয়ে শিশু দুটি মারা গেছে, ওই বোতল সিআইডি নিয়ে গেছে। সিআইডির পরীক্ষার পর প্রতিবেদন পেলে জানা যাবে তারা নাপা সিরাপ খেয়েই মারা গেছে কি না।
শিশু দুটির ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করার কথাও বলেন তিনি।