Loading...
The Financial Express

নাইজেরিয়ায় অপহৃতদের উদ্ধারে গিয়ে ৩০ সৈন্য নিহত

| Updated: July 03, 2022 19:42:38


নাইজেরিয়ায় অপহৃতদের উদ্ধারে গিয়ে ৩০ সৈন্য নিহত

নাইজেরিয়ার শিরোরো এলাকায় একটি খনিতে বন্দুকধারীদের হামলার পর অপহৃতদের উদ্ধারে যাওয়া সেনাদের ওপর অতর্কিত আক্রমণের ঘটনায় অন্তত ৩০ সৈন্য নিহত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত সপ্তাহে নাইজার রাজ্যের ওই খনিতে হামলার ঘটনাটি ঘটে বলে তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার খনিতে হামলা চালিয়ে বন্দুকধারীরা ৪ চীনা নাগরিকসহ বেশ কয়েকজন খনি কর্মীকে অপহরণ করেছে খবর পাওয়ার পর তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

উত্তরপশ্চিম নাইজারের নিরাপত্তার দায়িত্বে থাকা কমিশনার ইমানুয়েল উমর প্রাথমিকভাবে আজাতা আবোকি গ্রামের খনিতে হামলায় অজ্ঞাত সংখ্যক লোক নিহত হয়েছে বলে জানিয়েছিলেন।

খনিতে হামলার জবাব দিতে মোতায়েন করা নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরে বন্দুকধারীদের অতর্কিত আক্রমণের মুখে পড়েন।

বন্দুকধারীরা গুলি চালিয়ে তিনটি ট্রাকে থাকা ৩০ সেনাকে হত্যা করে বলে শিরোরো ও নাইজার রাজ্যের রাজধানী মিন্নার দুটি সেনা সূত্র শনিবার রয়টার্সকে জানিয়েছে।

“শক্তি বাড়ানোর উদ্দেশ্যে যাওয়া আমাদের লোকজনকে হারানো হৃদয়বিদারক। তাদের মৃত্যু আমাদের দুর্বল করবে ঠিকই কিন্তু আমরা হাল ছাড়ব না,” বলেছেন শিরোরোর এক সেনাঘাঁটির এক সৈন্য, গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দায়িত্বপ্রাপ্ত না হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

লড়াইয়ে ক্ষয়ক্ষতির কথা সহজে স্বীকার না করা নাইজেরিয়ার সেনাবাহিনীও বলেছে, শিরোরোতে তুমুল লড়াইয়ে বেশকিছু সেনাকে সর্বোচ্চ মূল্য চুকাতে হয়েছে।

স্থানীয় এক নেতা ফোনে রয়টার্সকে বলেছেন, বুধবার বন্দুকধারীরা বেশ কয়েকটি মোটরসাইকেল ও একটি ট্রাকে করে এসে খনির নিরাপত্তার দায়িত্বে থাকা ৭ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে।

তারা চীনা কর্মীদেরকে অপহরণ করে নিয়ে যায় ও ৮ বেসামরিককেও হত্যা করে; ওই বেসামরিকরা খনির কর্মী কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

অপহৃত কর্মীদের খোঁজে চালানো অভিযানে মিন্নাতে অবস্থিত নাইজেরিয়ার ট্রেইনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নেতৃত্ব দিচ্ছেন, বলেছেন ওই নেতা।

নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বন্দুকধারীদের ‘স্যাডিস্ট’ অ্যাখ্যা দিয়ে তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন।

“শিরোরো ন্যায়বিচার দেখবে,” শনিবার টুইটারে এক পোস্টে বলেছেন তিনি।

শিরোরোতে বোকো হারাম জঙ্গিদের উপস্থিতি আছে বলে গত বছর স্থানীয় কর্মকর্তারা তাদের সন্দেহের কথা জানালেও আজাতা আবোকি গ্রামের ওই খনিতে ও পরে সেনাদের ওপর কারা অতর্কিত আক্রমণ চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

রাজ্যটির বিভিন্ন গ্রামে প্রায়ই বন্দুকধারীদের হামলার খবর পাওয়া যায়।

Share if you like

Filter By Topic