নরসিংদীর মরজালে বাস ও সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুজন।
জেলার মরজালে ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ভৈরব হাইওয়ে পুলিশের পরিদর্শক খালেদ মাহমুদ খান জানান।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে দুজন বাসযাত্রী এবং অন্যজন মাইক্রোবাসের চালক। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সংবাদপত্র পরিবহনকারী মাইক্রোবাসটি ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল জানিয়ে পরিদর্শক খালেদ বলেন, মরজাল এলাকায় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিলেও লাশ ভৈরবের সরকারি সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনরার পর বাসের চালক ও সহাকারি পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।