সড়ককে নিরাপদ করতে নয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর ধানমণ্ডি ও শান্তিনগর এলাকায় সড়ক অবরোধ করেছে।
আগের ঘোষণা অনুযায়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রোববার বেলা সাড়ে ১২টার দিকে ধানমণ্ডি ২৭ নম্বর মোড়ে অবস্থান নিলে মিরপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, আইডিয়াল কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, লালমাটিয়া গার্লস কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিচ্ছেন সেখানে।
শিক্ষার্থীরা সেখানে ৯ দফা দাবিতে স্লোগান দিচ্ছেন বলে শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
রাস্তায় বিভিন্ন গাড়ির চালকদের লাইসেন্সও পরীক্ষা করতে দেখা যায় আন্দোলনকারীদের।
এদিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও বেলা ১টার পর শান্তিনগর মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
নয় দফা দাবিতে সোয়া ১টার দিকে তারা শান্তিনগর থেকে কাকরাইল পর্যন্ত সড়কে মিছিল করেন তারা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা কাকরাইল মোড়ে অবস্থান নেন।
সপ্তাহের প্রথম কর্মদিবসে শিক্ষার্থীদের এই বিক্ষোভ-অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন।
ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এর পর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।
বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর সেই আন্দোলন আরও গতি পায়। বৃহস্পতিবার পথে পথে তাদের বিক্ষোভ-অবরোধে রাজধানী ঢাকা কার্যত অচল হয়ে পড়ে।