দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসসহ ১১ সংবাদপত্রকে সম্মাননা দিল নোয়াব


এফই অনলাইন ডেস্ক | Published: March 31, 2022 00:21:26 | Updated: March 31, 2022 12:18:08


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হাত থেকে 'পঁচিশ পেরোনো নোয়াব-সদস্য সংবাদপত্র সম্মাননা ২০২২' গ্রহণ করছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পাবলিকেশনস লিমিটেড-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ।

অন্তত ২৫ বছর প্রকাশনা অব্যাহত রাখা ১১ টি সংবাদপত্রকে সম্মাননা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সম্মাননা পাওয়া সংবাদপত্রগুলো হচ্ছে: দৈনিক সংবাদ, ইত্তেফাক, আজাদী, পূর্বাঞ্চল, করোতোয়া, পূর্বকোণ, ইনকিলাব, ভোরের কাগজ, জনকণ্ঠ, দ্য ডেইলি স্টার ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন পত্রিকাটির প্রকাশনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পাবলিকেশনস লিমিটেড-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং পত্রিকার সম্পাদক শামসুল হক জাহিদ।

'পঁচিশ পেরোনো নোয়াব-সদস্য সংবাদপত্র সম্মাননা ২০২২' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নোয়াব সভাপতি এ. কে. আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক পূর্বকোণের সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, দৈনিক ভোরের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক তারিক সুজাত এবং নোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ আনাম প্রমুখ বক্তব্য রাখেন।

তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পাবলিকেশনস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনজুর এলাহী, সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম ও আ.আ.ম.স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share if you like