সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা দলে ৩ পরিবর্তন
অসুস্থতার জন্য প্রথম ওয়ানডেতে না খেলা কিপার-ওপেনার কুইন্টন ডি কক ফিরেছেন একাদশে। তার সঙ্গে জায়গা পেয়েছেন ওয়েইন পার্নেল ও তাবরাইজ শামসি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বাদ পড়েছেন এইডেন মারক্রাম, মার্কো ইয়ানসেন ও আন্দিলে ফেলুকওয়ায়ো।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েইন পার্নেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা
একই একাদশ নিয়ে বাংলাদেশ
টানা পাঁচ ম্যাচে একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। সুযোগের জন্য তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের অপেক্ষা আরও বেড়েছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আগের ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছিল বাংলাদেশ। এবার টস জিতে ব্যাটিং নিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
টসের সময় তিনি জানান, সবশেষ সাত ম্যাচে এখানে টস জিতে আগে ব্যাট করা দল বড় সংগ্রহ গড়েছে। তিনিও এখানে তেমন কিছু করতে চান।
সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ
সেঞ্চুরিয়নে জিতে গেরো কেটেছে বাংলাদেশের। এবার লক্ষ্য দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয়ের। তার জন্য তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে চায় না দল। কাজ সেরে ফেলতে চায় দ্বিতীয় ওয়ানডেতেই। সেই লক্ষ্যেই ওয়ান্ডারার্সে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়।
দক্ষিণ আফ্রিকায় জেতা সম্ভব এই বিশ্বাস নিয়েই সফর করছে বাংলাদেশ। নিজেদের আগের কোনো দল যা পারেনি তা করার আত্মবিশ্বাস তাদের শুরু থেকেই ছিল। প্রথম ম্যাচ জিতে সামর্থ্যের প্রমাণও দিয়েছে। এবার লক্ষ্য আরও বড়, সিরিজ জয়।
গোলাপি জার্সিতে দক্ষিণ আফ্রিকা
স্তন ক্যান্সারের সচেতনতা বাড়াতে এই ম্যাচে গোলাপি জার্সি পরে খেলছে দক্ষিণ আফ্রিকা।
টেম্বা বাভুমার কাছে এই ম্যাচ তাদের বাঁচা-মরার লড়াই। সিরিজ বাঁচিয়ে রাখতে তিন বিভাগেই উন্নতি দেখতে চান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। গোলাপি পোশাকে খেলা ৯ ওয়ানডের সাতটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা।
