দেশে দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৭ হাজারের নিচে নেমেছে, মৃত্যুও দুইশর নিচে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩ হাজার নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৮৮৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে।
গত তিন সপ্তাহে এক দিনে এটাই সবচেয়ে কম রোগী শনাক্তের খবর। এর আগে গত ২৪ জুলাই ৬ হাজার ৭৮০ রোগী শনাক্ত হয়েছিল। তারপর শুক্রবার পর্যন্ত দৈনিক শনাক্ত ৮ হাজারের নিচে আর নামেনি।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৬ শতাংশে। এই হার আগের দিন ছিল ২০ দশমিক ৮৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগীদের মধ্যে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৯৮৮।
সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ৭ হাজার ৮০৫ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন সুস্থ হলেন।
