Loading...
The Financial Express

দেশে ‘গুম-খুন-নির্যাতন’ এখন আন্তর্জাতিকভাবে সত্য: ফখরুল

| Updated: April 17, 2022 11:43:37


দেশে ‘গুম-খুন-নির্যাতন’ এখন আন্তর্জাতিকভাবে সত্য: ফখরুল

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশে ‘গুম-খুন-নির্যাতনের’ বিষয়টি আন্তর্জাতিকভাবে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবার ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগে থেকেই বলে আসছি, যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, সেগুলোর ওপরে আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্ব অনেক আগে থেকে কাজ করছে।

“নট দ্যাট যে এখন করছে। প্রত্যেক বছর যুক্তরাষ্ট্র এই মানধিকার রিপোর্ট বের করে, প্রত্যেকটা দেশের ওপর বের করে।”

ফখরুল বলেন, “সেখানে বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি, গুম, খুন- এটা তারা বলেই আসছে। বিশেষ করে সম্প্রতি র‌্যাবসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে তারা (যুক্তরাষ্ট্র) সেনশন দিয়েছে।

“সেই সেনশন কী প্রমাণ করে? এগুলোতে প্রমাণিত যে, এটা শুধু আমাদের কথা নয়, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্য যে বাংলাদেশের বর্তমান সরকার তারা একটা সম্পূর্ণ ফ্যাসিবাদী সরকার, গণতন্ত্রের আশে-পাশে তারা নেই, গণতন্ত্রের লেশমাত্র নেই। বাংলাদেশের সংবিধানের যে বিষয়টা গণতান্ত্রিক রাষ্ট্র সেটাকেই তারা ধবংস করে ফেলেছে।”

শুক্রবার অনুষ্ঠিত হওয়া দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপি মহাসচিব।

এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন হবে কি হবে না হবে না- সেটা তো নির্ভর করবে যে, নির্বাচনের পরিবেশ তৈরি হবে কি হবে না।

“নির্বাচনের পরিবেশ এখানে যদি তৈরি হয় তাহলে সেখানে নিশ্চিত ইতিবাচক প্রভাব পড়বে এবং সেই আন্দোলনেও এটার পজেটিভ প্রভাব পড়বে।”

বিএনপির এই নেতা বলেন, “গত ১২ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত ‘২০২১ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকা, বিচার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ সম্পর্কে যে বিশদ বিবরণ দেওয়া হয়েছে সে সম্পর্কে স্থায়ী কমিটি সভায় বিস্তারিত আলোচনা হয়।

“বিচার বহির্ভুত হত্যাকাণ্ড, আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের ফলে হত্যাকাণ্ড, প্রতিবাদকারী ব্যক্তিদের পিতা-মাতা, ভাই-বোনদের গ্রেপ্তার, বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, বিশেষ করে খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলায়’ সাজা দেওয়া ও কারাগারে পাঠানো রাজনৈতিকভাবে প্রভাবিত। রিপোর্টে এগুলো উল্লেখ করায় প্রকৃত সত্য উদঘাটিত হয়েছে বলে স্থায়ী কমিটির সভা মনে করে।”

স্থায়ী কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিলের আবেদন আদালতে খারিজ নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলে জানান ফখরুল।

“জোবাইদা একজন অরাজনৈতিক চিকিৎসক। তাকে দুর্নীতি দমন কমিশনের মামলায় জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক। মামলাটিতে কোনো ভিত্তি না থাকলেও শুধু জিয়া পরিবারকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে।”

বিএনপির মহাসচিব বলেন, “বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে প্রভাব বিস্তার করে এই ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নির্মূল করার হীন উদ্দেশ্যেই এসব হয়রানিমূলক মামলা দায়ের করেছে।”

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের-টিআইবি গবেষণায় কোভিড মোকাবিলায় বেশি দামে টিকা ক্রয় ও অর্থ ব্যয়ে অস্বচ্ছতার কারণে ২৩ হাজার কোটি টাকার অনিয়মের তথ্য তুলে ধরে তিনি বলেন, “সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে সীমাহীন দুর্নীতির কারণে রাষ্ট্রের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছে।”

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ হওয়া নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই একেবারে দায়সারা এবং মার্কিন আদালতের এখতিয়ার বহির্ভূত মামলা দায়ের করা হয়।

“বাংলাদেশ ব্যাংকের তদন্তে কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় প্রমাণিত যে, সরকারের কোনো মহল এই অপরাধে সঙ্গে জড়িত।”

সংবাদ সম্মেলনে আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস পালনের ঘোষণা দেয় বিএনপি।

Share if you like

Filter By Topic