দেশে করোনা শনাক্ত ৬৬৭৬, হার বেড়ে ২০.৮৮ শতাংশ


এফই অনলাইন ডেস্ক | Published: January 17, 2022 17:47:50 | Updated: January 18, 2022 16:21:53


ফাইল ছবি (সংগৃহীত)

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্যে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আর শনাক্তের হারে বাংলাদেশ ফিরে গেল পাঁচ মাস আগের পর্যায়ে।

সোমবার একদিনেই রোগী বেড়েছে প্রায় দেড় হাজার, যা আগের দিনের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। শনাক্তের হারও ২০ শতাংশ ছাড়িয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ৩১ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৬৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার ২৯ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করে ৫ হাজার ২২২ রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত বছরের ১৮ অগাস্ট, সেদিন ৭ হাজার ২৪৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

সোমবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে, গত বছরের যা ১৩ অগাস্টের পর সর্বোচ্চ। সেদিন শানাক্তের হার ছিল ২৫ দশমিক ৩৯ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে। গত এক দিনে আরও ১০ জনের মৃত্যু হওয়ায় মহামারীতে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ১৫৪ জনে দাঁড়াল।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৪২৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন সুস্থ হয়ে উঠলেন।

Share if you like