দেশে করোনায় আরও ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫


এফই অনলাইন ডেস্ক | Published: October 29, 2021 17:25:04 | Updated: October 30, 2021 10:14:59


ফাইল ছবি (সংগৃহীত)

দেশে গত এক দিনে আরও ৩০৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৫৪ জন।

নতুন শনাক্তদের মধ্যে ২১২ জনই ঢাকা জেলার, যা সারা দেশের মোট শনাক্তের দুই তৃতীয়াংশের বেশি। আর যারা মারা গেছেন, তাদের তিনজন ঢাকার বাসিন্দা ছিলেন।

আগের দিন বৃহস্পতিবার দেশে ২৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৬ জনের। সে হিসেবে শনাক্ত ও মৃত্যু দুটোই সামান্য বেড়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৭১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৯ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৪ কোটি ৫৬ লাখের বেশি রোগী।

Share if you like