দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২২৯


এফই অনলাইন ডেস্ক | Published: November 02, 2021 18:43:27 | Updated: November 02, 2021 21:34:18


দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২২৯

দেশে গত এক দিনে আরও ২২৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৭৩ জন।

নতুন শনাক্তদের মধ্যে ১৫৬ জনই ঢাকা জেলার, যা সারা দেশের মোট শনাক্তের দুই তৃতীয়াংশের বেশি। আর যারা মারা গেছেন, তাদের দুজন ঢাকা এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।

আগের দিন বৃহস্পতিবার দেশে ২১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল; মৃত্যু হয়েছিল ২ জনের, যা প্রায় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২০ হাজার ৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৬৩৫টি নমুনা।

একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ১৪ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ০৮ শতাংশ ছিল।

এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ১১ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই নারী। তাদের দুইজনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে; আর একজনের বয়স ছিল ১০ বছরের কম।

তাদের দুজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫০ লাখ ৫ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৪ কোটি ৭১ লাখের বেশি রোগী।

Share if you like