Loading...

দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযানে একদিনেই কোটি টাকা জরিমানা

| Updated: September 08, 2021 17:46:56


দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযানে একদিনেই কোটি টাকা জরিমানা

ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে দেশব্যাপী ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে কোটি টাকা জরিমানা করেছে র‌্যাব।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পুলিশের বিশেষ এই ইউনিট। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

এতে জানানো হয়, মোট ৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৫ জন অসাধু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে ৯৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সরকারি সংশ্লিষ্ট দপ্তর বা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে র‌্যাবের সব ব্যাটালিয়ন দেশব্যাপী একযোগে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান চালায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, অভিযানকালে রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও চকবাজার এলাকায় র‌্যাব-১০ মোট ১৬টি প্রতিষ্ঠানকে প্রায় ২১ লাখ টাকা জরিমানা করে।

এর মধ্যে যাত্রাবাড়ীতে সাতটি প্রতিষ্ঠানকে ৭ লাখ ২০হাজার টাকা, শ্যামপুরে ছয়টি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা এবং চকবাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৩ অভিযান চালায় রাজধানীর খিলগাঁও এলাকায়। সেখানে চারটি বেকারিকে পৌনে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-২ মোহাম্মদপুর এলাকায় অভিযানকালে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা এবং একজনকে ৪ মাসের কারাদণ্ড প্রদান করে।

Share if you like

Filter By Topic