আন্তর্জাতিক নারী দিবসে দুদিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা আয়োজন করেছে স্যাটেলাইট চ্যানেল নেক্সাস টেলিভিশন।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ও বুধবার (৮ ও ৯ মার্চ, ২০২২) রাজধানীর গুলশানে নিজস্ব কার্যালয়ে এ মেলার আয়োজন করেছে দেশের প্রথম নন-ফিকশন টেলিভিশন চ্যানেলটি।
এই দুইদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। আর সরাসরি সম্প্রচারিত হবে নেক্সাস টেলিভিশনে।
মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করবেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান অর্থনীতিবিদ জনাব ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
এ মেলায় ৩৫ জন নারী উদ্যোক্তা দেশীয় পণ্য প্রদর্শন করবেন। পাশাপাশি নানা সংগ্রাম ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে উদ্যোক্তা হয়ে উঠতে গিয়ে নিজেদের অর্জিত অভিজ্ঞতা বিনিময় করবেন তাঁরা।
নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে কাজ করছে এমন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও নানা বিষয়ে পরামর্শ দেবেন।
নেক্সাস টেলিভিশন ও উদ্দীপন-এর সৌজন্যে আয়োজিত এ মেলায় সহযোগী ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল ও লাইমস্টোন হজ গ্রুপ। এ মেলার অংশীদার সামাজিক প্ল্যাটফর্ম উই, হার ই ট্রেড, উই ক্যান ও ব্র্যান্ড কার্ট।