Loading...
The Financial Express

দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর

| Updated: February 02, 2022 23:19:06


অধ্যাপক ড. আসাবুল হক। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অধ্যাপক ড. আসাবুল হক। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক আদেশে ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলীকে অব্যাহতি দিয়ে গণিত বিভাগের অধ্যাপক ড. আসাবুল হককে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহীদ হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন ভবনের পাথরবাহী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে মারা যান চারুকলা অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক মাহমুদ হাবিব হিমেল। একই বর্ষের শিক্ষার্থী রায়হান রিমেলকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর সহস্রাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে নির্মাণসামগ্রী বহনের পাঁচটি ট্রাকে আগুন দেয়। এ ছাড়া নির্মাণাধীন ভবনে তারা ভাঙচুর করে এবং দুটি কক্ষে অগ্নি সংযোগ করে।

শিক্ষার্থীদের একটি অংশ রাতে প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

পরে রাত ২টার দিকে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার রাজশাহী মেডিকেল থেকে বাসায় ফিরলে শিক্ষার্থীরা প্রক্টরের অপসারণসহ নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ, নিহতের বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া, ঠিকাদার প্রতিষ্ঠান পাল্টানো এবং ঘটনার সুষ্ঠু তদন্তের লিখিত দাবি জানায় তার কাছে।

শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য প্রক্টরিয়াল বডিকে অপসারণের মৌখিক আশ্বাস দেন। তিনি বলেন, বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে হিমেলের জানাজা শেষে মরদেহ নাটোরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর ক্যাম্পাসে ফিরে অন্যান্য দাবি নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবেন।

এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালক গ্রেপ্তার না হওয়া পর্যন্ত হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন অ্যাকাডেমিক ভবনের কাজ বন্ধ রাখার ঘোষণা দেন উপাচার্য। পরে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic