দুর্ঘটনার পর জব্দ বাস সরাতে গিয়ে আবার দুর্ঘটনা, নিহত ২


FE Team | Published: December 30, 2021 19:35:32 | Updated: December 31, 2021 20:40:40


দুর্ঘটনার পর জব্দ বাস সরাতে গিয়ে আবার দুর্ঘটনা, নিহত ২

ঢাকার গুলিস্তানে দুর্ঘটনার পর পুলিশ একটি বাস জব্দ করে সরিয়ে নেওয়ার পথে ফের ঘটল দুর্ঘটনা, সেই বাসের চাপায় নিহত হলেন দুজন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহতদের মধ্যে একজন রিকশাভ্যানচালক, তার নাম সাত্তার মিয়া (৩৫)। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রাবণ পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়লে একজন পুলিশ সদস্য আহত হন। তখন ওই বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান।


এরপর ওই বাসটি আহাদ পুলিশ বক্সের একজন এএসআই চালিয়ে নিরাপদ স্থানে সরাতে গিয়ে ব্রেক ফেইল করে আবারও দুর্ঘটনা পড়লে দুজন নিহত হন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি প্রথমে কয়েকটি রিকশাকে ধাক্কা দেয়। এরপর দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল এবং পথচারীদের ধাক্কা দিয়ে সড়কদ্বীপে উঠে যায়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্টন থানা পুলিশ ওই ঘটনাস্থল থেকে প্রথমে একজনকে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটু পর ভ্যানচালক সাত্তার মিয়াকে আনা হলে চিকিৎসাধীন অব্স্থায় তারও মৃত্যু হয়।

Share if you like