দিনাজপুরে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে ডুবুরির মৃত্যু


FE Team | Published: August 28, 2021 17:11:55 | Updated: August 28, 2021 19:18:42


দিনাজপুরে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে ডুবুরির মৃত্যু

দিনাজপুরের বিরল উপজেলায় ঢেপা নদীতে নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে এক ডুবুরির মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভদ্রবাজার ঘাটে আব্দুল মতিন (৩৮) নামে এই ডুবুরির মৃত্যু হয় বলে জানান দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনজিল হক।

তিনি বলেন, শুক্রবার দুপুরে ঢেপা নদীতে কান্তজী বিগ্রহের নৌবিহার দেখতে গিয়ে নদীতে নামেন কাহারোল উপজেলার পুর্ব সুলতানপুর গ্রামের বিনয় দেবশর্মার ছেলে সুজন বাবু দেবশর্মা (২২)। সুজন হঠাৎ করে তলিয়ে নিখোঁজ হন।

তাকে উদ্ধার করতে রংপুর থেকে ডুবুরি দল আসে।

মনজিল হক বলেন, শনিবার সকালে ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে পানির নিচে আটকা পড়েন ডুবুরী দলের সদস্য আব্দুল মতিন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসাপাতালের চিকিৎসক মর্তুজা সরকার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বেলা ১টা পর্যন্ত নিখোঁজ সুজন দেবশর্মাকে উদ্ধার করা যায়নি।

Share if you like