প্রাক্-বাজেট আলোচনা

দরিদ্র ও মধ্যবিত্তদের ওপর কর না বাড়িয়ে ধনীদের চাপ দেওয়ার পরামর্শ অর্থনীতি সমিতির


এফই অনলাইন ডেস্ক | Published: February 23, 2022 22:35:37 | Updated: February 24, 2022 10:23:19


দরিদ্র ও মধ্যবিত্তদের ওপর কর না বাড়িয়ে ধনীদের চাপ দেওয়ার পরামর্শ অর্থনীতি সমিতির

দেশের রাজস্ব আয়ের ক্ষেত্রে দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ওপর করের বোঝা না বাড়িয়ে বিত্তবানদের ওপর যুক্তিসঙ্গত চাপ প্রয়োগের পরামর্শ দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ)।

সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক্-বাজেট এক আলোচনা সভায় এ পরামর্শ দেন অর্থনীতি সমিতির নেতৃবৃন্দ।

এ সময় সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় রাজস্ব বোর্ডকে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের ভিত্তিনীতি: বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রস্তাবনা শীর্ষক একটি লিখিত প্রস্তাব হস্তান্তর করে।

রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলনকক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম সমিতির পক্ষে লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন।

প্রস্তাবনায় বলা হয় কোভিড-১৯-এর বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন ও বিধি-নিষেধে ক্ষতিগ্রস্থ মানুষের অবস্থার পরিবর্তন করতে হলে আয়-সম্পদ-স্বাস্থ্য-শিক্ষা বৈষম্য হ্রাসের সব পথ-পদ্ধতি আছে প্রয়োগ করে অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে হবে।

এতে বলা হয়, এজন্য আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটকে কোনোভাইে সংকোচনমূলক না করে বরং সম্প্রসারণশীল ও বৃহদাকারভাবে প্রণয়ন করতে হবে, যা করা খুবই সম্ভব।

শুধু প্রয়োজন আয়-ধন-সম্পদের বণ্টনকে ন্যায্য করা, অর্থাৎ ধনীদের কাছ থেকে তা প্রবাহিত করতে হবে দরিদ্র, বিত্তহীন, নিম্নবিত্ত মানুষের দিকে। রাজস্ব আহরণের ক্ষেত্রে দরিদ্রদের ওপর প্রত্যক্ষ করের বোঝা না বাড়িয়ে ধনী-বিত্তশালীদের ওপর সম্পদ কর আরোপ করতে হবে, সুপার-ডুপার ধনীদের ওপর করের হার বাড়াতে হবে এবং ৮০ শতাংশ শেয়ার-বন্ডের মালিক গুটিকয়েক ব্যক্তি-প্রতিষ্ঠানের বড় বড় বিনিয়োগের ওপর সম্পদ কর আরোপ করতে হবে।

এ ছাড়া অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপ এবং কালো টাকা ও পাচারকৃত অর্থ উদ্ধার করতে বলিষ্ঠ পদেক্ষপ নেওয়ার প্রস্তাব করে অর্থনীতি সমিতি।

Share if you like