Loading...

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনেরই মোবাইল ‘বন্ধ’, স্বাস্থ্যমন্ত্রী ‘আশ্চর্য’

| Updated: December 01, 2021 15:03:27


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি (সংগৃহীত) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি (সংগৃহীত)

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যে দেশে প্রথম ধরা পড়েছে, সেই দক্ষিণ আফ্রিকা থেকে গত এক মাসে ২৪০ জন বাংলাদেশে এসেছে, তবে তাদের অধিকাংশের খোঁজ পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেছেন, “আশ্চর্যের বিষয় গত এক মাসে ২৪০ জন লোক এসেছে সাউথ আফ্রিকা থেকে। তাদের কন্ট্রাক্ট ট্রেসিং করার চেষ্টা আমরা করছি। কিন্তু আফসোসের বিষয়, তারা সবাই তাদের মোবাইল ফোন বন্ধ করে রেখেছে। ঠিকানাও ভুল দিয়েছে।”

এই আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে, দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা থেকে আসা নিরুৎসাহিত করা হবে, কেউ চলে এলে তার ১৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

তাই দক্ষিণ আফ্রিকা থেকে যারা এসেছেন, তাদের শনাক্ত করে কোয়ারেন্টিন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহায়তা নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাহিদ মালেক বলেন, “বাধ্য হয়ে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাদের খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে বলতে হয়েছে।

তারা ঠিকানাটাও ভুল দিয়েছে। এই ধরনের কাজও হয়ে থাকে! আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে তবে।”

তিনি বলেন, সবগুলো জেলায় করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে গঠিত কমিটিকে চিঠি দেওয়া হবে। সেই কমিটি উপজেলা এবং ইউনিয়ন কমিটিকে জানাবে। কমিটিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মনিটরিং কার্যক্রম চালাতে বলা হবে।

তাদেরকে বলা হবে বিদেশ থেকে যদি কেউ আসে সেসব বিষয়ও মনিটরিং করার জন্য। তারা (বিদেশ থেকে আসা ব্যক্তি) যদি বিভিন্ন জনের বাড়িতে যায় সেটাকেও নজরদারিতে রাখে। প্রয়োজন হলে পতাকা টানিয়ে দেয়।”

Share if you like

Filter By Topic