ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের তৃতীয় রাতে কিয়েভের ৪০ কিলোমিটারের মতো দক্ষিণে ভাসিলকিভে একটি তেলের ডিপোতে আগুন দেখা যাওয়ার পর কর্তৃপক্ষ রাজধানীবাসীকে বিষাক্ত ধোঁয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ডিপোটিতে আগুন ধরেছে বলে মনে করা হচ্ছে।
জ্বলতে থাকা ডিপো থেকে ধোঁয়া ও বিষাক্ত কিছু উদগীরণ হতে পারে এবং বাতাস তা রাজধানীতে নিয়ে যেতে পারে জানিয়ে কিয়েভের বাসিন্দাদেরকে ঘরের জানালা শক্ত করে বন্ধ রাখতে বলেছে কর্তৃপক্ষ।
রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেইনের এ রাজধানীর অনেক বাসিন্দাই বেজমেন্ট বা মাটির নিচের ঘরে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অনলাইনে পোস্ট হওয়া ভিডিওতে তেলের ডিপো বলে মনে হওয়া কোনো জায়গা থেকে ব্যাপক পরিমাণ ধোঁয়া উপরের দিকে উঠতে দেখা যাচ্ছে।
রোববার দিবাগত রাতে কিয়েভে খুব বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে পশ্চিম কিয়েভে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সিএনএন।
ইউক্রেইনে রুশ হামলা শুরুর পর এখন পর্যন্ত এত কমবয়সী আর কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কিয়েভে সংঘর্ষে আরও অনেকে আহত হয়েছে বলেও ওকমাৎডিত হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।