তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে


এফই অনলাইন ডেস্ক | Published: November 28, 2021 09:31:11 | Updated: November 28, 2021 17:22:56


তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

গোলযোগ-সহিংসতা রোধে কঠোর হুঁশিয়ারির মধ্যে তৃতীয় ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে।

রোববার সকাল ৮টায় এসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়, তা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ইউপি ভোটকে কেন্দ্র করে বেশ কিছু নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠে এবার। ভোটের আগে-পরে ও ভোটের দিন সহিংসতায় এ পর্যন্ত তিন ডজনের বেশি মানুষের মৃত্যু ঘটেছে।

পরিস্থিতি সামলে রাখতে নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। পাশাপাশি সব পক্ষের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছে সাংবিধানিক সংস্থাটি।

ভোটের আগের দিন শনিবার প্রস্তুতির সর্বশেষ সাংবাদিকদের জানিয়ে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ইসি অবশ্যই প্রত্যাশা করে, এ নির্বাচনটি ভালো হবে।

সহিংসতা ঘটতে পারে এমন পকেটগুলো চিহ্নিত করে আগাম গোয়েন্দা তথ্য নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে নজরদারি বাড়ানো ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূক ব্যবস্থা নিতে বলেছে ইসি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নির্বাচনী পরিবেশ ভালো রাখতে রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থকসহ সবার সহযোগিতা চেয়েছেন সিইসি কে এম নূরুল হুদা।

ভোটের তথ্য

>> তৃতীয় ধাপে ইউপির সংখ্যা- ১,০০০। তফসিল ঘোষণা করা হয় ১,০০৭টির, বিভিন্ন কারণে স্থগিত হয় ৭টি।

>> ভোটার ২,০১,৪৮,২৭৮ জন। ভোটকেন্দ্র ১০,১৫৯টি, ভোটকক্ষ ৬১,৮৩০টি।

>> প্রার্থী ৫০,১৪৬ জন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছাড়া)।

এর মধ্যে চেয়ারম্যান ৪,৪০৯ জন, সংরক্ষিত ১১,১০৫ জন ও সাধারণ সদস্য ৩৪,৬৩২ জন।

>> বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫৬৯ জন।

এর মধ্যে চেয়ারম্যান ১০০ জন, সংরক্ষিত সদস্য ১৩২ জন ও সাধারণ সদস্যা ৩৩৭ জন।

>> রোববার অষ্টম ধাপে নয়টি পৌরসভায়ও ভোট রয়েছে।

করোনাভাইরাস মহামারী পরিস্থিতির উন্নতির প্রেক্ষাপটে ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ভোট হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল অংশ নিলেও বিএনপি নিচ্ছে না।

ইতোমধ্যে পাঁচটি ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে কমিশন। প্রথম দুই ধাপে প্রায় ১২শ ইউপিতে ভোট শেষ হয়েছে। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৪০ ইউপিতে ভোট হবে। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোট হবে ৫ জানুয়ারি।

আগামীতে ষষ্ঠ ধাপে নির্বাচন উপযোগী আরও তিন শতাধিক ইউপির তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Share if you like