তিন মাস পর ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৫০ হাজারের নিচে


এফই ডেস্ক | Published: June 22, 2021 11:37:19 | Updated: June 22, 2021 17:24:44


ছবিঃ রয়টার্স

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে থাকা ভারতে তিন মাস পর দৈনিক শনাক্ত ৫০ হাজারের নিচে নেমেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২ হাজার ৬৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

শনাক্ত রোগীর এ সংখ্যা ৯১ দিনের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নতুন আক্রান্তদের নিয়ে ভারতে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৮৬১ জনে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি।

একই সময় দেশটিতে আরও ১১৬৭ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে থাকা দেশটিতে মোট তিন লাখ ৮৯ হাজার ৩০২ জন রোগীর মৃত্যু হল।

Share if you like