তালেবান বলছে, কাবুল বিস্ফোরণে মারা গেছে তাদের ২৮ জন


এফই ডেস্ক | Published: August 27, 2021 10:37:59 | Updated: August 27, 2021 16:43:41


তালেবান বলছে, কাবুল বিস্ফোরণে মারা গেছে তাদের ২৮ জন

কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে তালেবানের অন্তত ২৮ জন রয়েছে বলে জানিয়েছেন ওই বাহিনীর একজন মুখপাত্র।

শুক্রবার রয়টার্সকে তিনি বলেছেন, আমেরিকানদের চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে আমাদের।

তিনি বলেন, পূর্ব নির্ধারিত ৩১ অগাস্ট তারিখের মধ্যেই আফগানিস্তান থেকে সব বিদেশি বাহিনীকে সরিয়ে নিতে হবে, সেই সিদ্ধান্ত বদলানোর কোনো কারণ ঘটেনি।

তালেবান কাবুলের দখল নেওয়ার পর থেকেই পশ্চিমা দেশগুলো তাদের সৈন্যদের পাশাপাশি নিজেদের বেসামরিক নাগরিকদের কাবুল বিমানবন্দর দিয়ে আফগানিস্তান থেকে সরিয়ে নিচ্ছে।

হাজার হাজার আফগানও দেশ ছাড়ার চেষ্টায় মরিয়া হয়ে বিমানবন্দরের ভেতরে ও বাইরে অপেক্ষা করছেন প্রতিদিন। ফলে সেখানে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের বাইরে পরপর দুটি বড় বিস্ফোরণ ঘটানো হয়, যার দায় স্বীকার করেছে আইএস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আফগানিস্তানের একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার সকালে বিবিসি জানিয়েছে, ওই হামলায় অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন।

নিহতদের মধ্যে অন্তত ১৩ জন মার্কিন সেনা রয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সৈন্যরা বিমানবন্দরের ভেতরের অংশ নিয়ন্ত্রণ করে আসছে। আর তালেবান যোদ্ধারা বিমানবন্দরের বাইরের এলাকা নিয়ন্ত্রণ করছে।

বৃহস্পতিবারও তারা বলেছিল, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষারত হাজার হাজার মানুষকে নিরাপত্তা দিতে তারা প্রস্তুত।

Share if you like