তালেবানরা আফগান ক্রিকেট থেকে ভারতের আধিপত্য দূর করবে: শহীদ আফ্রিদি


এফই অনলাইন ডেস্ক | Published: August 31, 2021 17:25:58 | Updated: August 31, 2021 21:53:03


শহীদ আফ্রিদি

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেছেন, তালেবানরা আফগানিস্তানের অন্য সবকিছুর মতো ক্রিকেটেরও নিয়ন্ত্রণ নেবে এবং এতে করে আফগান ক্রিকেটে ভারতের আধিপত্য কমে যাবে।

করাচিতে একটি স্থানীয় ক্রিকেট সংক্রান্ত অনুষ্ঠানে তালেবানদের আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেয়া নিয়ে আফ্রিদির কিছু মন্তব্যে সামাজিক যোগযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

সে মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আফ্রিদি বিবিসিকে বলেন, আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর, তালেবান গোষ্ঠীর নেতারা যে বার্তা দিয়েছেন তাতে তার মনে আশাবাদ দেখা গেছে।

আফ্রিদি বলছেন, তারা শান্তির কথা বলছে, প্রতিশোধের কোনও কথা বলছে না। প্রতিবেশী দেশগুলোর সাথেও ভালো সম্পর্ক রাখার কথা বলছে তালেবানরা।

তালেবানদের আগের অবস্থানের সাথে তুলনা দিয়ে শহীদ আফ্রিদি বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তালেবান এবারে শিক্ষা ও চাকরিতে নারীদের সুযোগ দেয়ার কথা বলছে।"

আফ্রিদির মতে, "তালেবান গোষ্ঠী এবারে বুঝতে পেরেছে নারীরা সমাজের জন্য কতোটা প্রয়োজন, কারণ নারী ছাড়া সমাজ অকেজো। এটা সবাই জানে যে শিক্ষিত নারী মানে শিক্ষিত সমাজ।"

এখনো তালেবান ভীতি কেন এই প্রশ্ন রেখেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার, খবর বিবিসি বাংলার।

"পূর্বে তালেবান গোষ্ঠীর যে ভাবমূর্তি ছিল- সেটা অতীত। এখন আগের মতো ঘটনা ঘটাচ্ছেনা তারা অনেক পরিবর্তন এসেছে, যা তাদের বিবৃতিতে স্পষ্ট।"

আফ্রিদি আশাবাদ ব্যক্ত করেছেন যে এবারে শান্তি আসবে এবং পরিস্থিতির উন্নতি হবে।

শহীদ আফ্রিদির মতে, "তালেবানরা অন্য সবকিছুর মতো ক্রিকেটেরও নিয়ন্ত্রণ নেবে এতে করে আফগানিস্তানের ক্রিকেটে ভারতের আধিপত্য কমে যাবে।"

আফ্রিদি দাবি করেন, তার সাথে আফগানিস্তানের অনেক ক্রিকেটার যোগাযোগ করেছেন এবং তারা সবাই একমত আফগানিস্তানে ক্রিকেট আগের মতোই চলবে, তালেবানরা ক্রিকেটের জন্য হুমকি হয়ে দাঁড়াবেন না।

করাচির অনুষ্ঠানে শহীদ আফ্রিদি গণমাধ্যমের সাথে কথা বলছেন এমন একটি ভিডিও ক্লিপ দেখা যায়, যেখানে আফ্রিদি পাকিস্তান সুপার লিগ খেলে নিজের ক্যারিয়ার শেষ করার কথা বলছিলেন।

ক্লিপে আফ্রিদি বলেন, "এটা নিয়ে কোন সন্দেহ নেই তালেবানরা এবারে অনেক ইতিবাচক। এটা আগে কখনো দেখা যায়নি। আল্লাহ যদি চান, যদি সব ঠিক থাকে তবে তালেবানরা এবারে নারীদের চাকরি, লেখাপড়া, রাজনীতি সবই করতে দেবে।"

আফ্রিদি ক্রিকেট নিয়েও বলেন এতে কোনও সমস্যা হবে না, "তালেবানরা ক্রিকেটে পূর্ণ সমর্থন দিচ্ছে এবার।"

যদিও পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটা সিরিজ হওয়ার কথা এই মাসেই, কিন্তু শেষ পর্যন্ত ভ্রমণ সংক্রান্ত নানা বাধার মুখে পড়ে সিরিজটি মাঠে গড়ায়নি।

Share if you like